
ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২১
রূপসী বাংলা ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া। বাসটি ৩৭ যাত্রী নিয়ে পশ্চিম জাভার সুকাবুমি এলাকার একটি পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। এই দুর্ঘটনায় বাসে থাকা বাকি যাত্রীরা হয়েছেন।
স্থানীয় পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান গালিহ বাইউ রাদিত্যা জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৯৮ ফুট গভীর খাদে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। এর পর গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে এবং হাসপাতালে নেয়ার পর আরও ১৫ জনের মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে আরও ৯ জনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, জাভা দ্বীপের এ সড়কটি খুবই দুর্ঘটনাপ্রবণ। প্রায়ই এ পাহাড়ি রাস্তায় দুর্ঘনায় পর্যটকসহ বাসযাত্রীরা প্রাণ হারান।



