
ইরানবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র ও ইসরাইল
ইরানবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তেহরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া বন্ধ করতে প্রতিশ্রুতির কথা জানিয়ে যৌথ ঘোষণায় স্বাক্ষর করার কথা তাদের। জেরুজালেমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের মধ্যে সাক্ষাতে বৃহস্পতিবার এই যৌথ ঘোষণায় স্বাক্ষর হওয়ার কথা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার চারদিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে এসেছেন। এ সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে ওয়ান-টু-ওয়ান বা মুখোমুখি মিটিং হয় এই দুই নেতার। এরপরই তাদের মধ্যে ইরানবিরোধী ঘোষণায় স্বাক্ষর করার কথা। এতে বলা হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থামাতে যুক্তরাষ্ট্র তার জাতীয় শক্তির সবকিছু ব্যবহার করবে। এই ঘোষণায় ইসরাইলকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ওয়াশিংটন। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট তখন ২০১৬ সালে ১০ বছর মেয়াদী রেকর্ড ৩৮০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে। তবে এবার যে ঘোষণায় স্বাক্ষর করা হচ্ছে তাকে দেখা হচ্ছে প্রতীকী হিসেবে।
তার চেয়ে এর মধ্য দিয়ে ইরানের পারমাণবিক উচ্চাকাক্সক্ষা বিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওদিকে ওবামা আমলে পশ্চিমা শক্তিধর দেশগুলো ইরানের সঙ্গে যে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি সম্পন্ন করেছিল, তা নিয়ে আলোচনা চলছে। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ওই চুক্তিকে পুনরুজ্জীবিত করা। কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে এক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এই অচলাবস্থার জন্য একে অন্যকে দায়ী করে তেহরান ও যুক্তরাষ্ট্র।
বাইডেন ও লাপিদের মধ্যে মিটিং শেষে সাংবাদিকদের কাছে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, তারা উভয়ে ইরানের হুমকির বিষয়ে আলোচনা করেছেন। লাপিদ বলেন, কোনো পারমাণবিক ইরান থাকবে না।
পশ্চিম জেরুজালেম থেকে আল জাজিরার সাংবাদিক স্টেফানি ডেক্কার বলেন, এটা নতুন কিছু নয়। এটা হলো ওই দুই দেশের মধ্যকার প্রতিশ্রুতির পুনরাবৃত্তি এবং নিশ্চিতকরণ। ইসরাইলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ, সেটাই তারা নতুন করে নিশ্চিত করলেন। ইরান যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে তা নিশ্চিত করতে কাজ করবে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র।



