
ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করল কানাডা
ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। বেশ কয়েক বছর ধরে কানাডার বিরোধী আইনপ্রণেতা ও ইরানপ্রবাসীদের দাবির মুখে এমন পদক্ষেপ নিলো দেশটি। খবর বিবিসি’র।
বুধবার (১৯ জুন) কানাডার জননিরাপত্তা–বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক এই ঘোষণা দেন। তিনি এই পদক্ষেপকে ‘বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি তাৎপর্যপূর্ণ হাতিয়ার’ বলে বর্ণনা করেছেন।
এই পদক্ষেপের অর্থ হলো, আইআরজিসির কর্মকর্তাসহ ইরান সরকারের হাজারো সিনিয়র কর্মকর্তা কানাডায় প্রবেশ করতে পারবেন না।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ফারস নিউজ এজেন্সি বলেছে, এটি একটি ‘অবিবেচক’ ও ‘রীতিবিরুদ্ধ’ পদক্ষেপ।
ইরানে আইআরজিসিকে একটি অভিজাত বাহিনী হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এই বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে এই বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
আইআরজিসির প্রায় দুই লাখ সক্রিয় সদস্য রয়েছে। শুধু ইরানে নয়, পুরো মধ্যপ্রাচ্যজুড়েই আইআরজিসির প্রভাব রয়েছে। বিভিন্ন মিত্রদেশের সরকারসহ তেহরানপন্থি সশস্ত্র সংগঠনগুলোকে তারা অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ ও পরামর্শ দিয়েও সহায়তা করে।
কুদস ফোর্স নামে আইআরজিসির একটি শাখা আছে। এই শাখার মাধ্যমে দেশের বাইরে অভিযানসহ তৎপরতা চালায় ইরান। কুদস ফোর্সকে আগেই ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে কানাডা। এবার পুরো আইআরজিসিকেই ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকাভুক্ত করল দেশটি।



