
ইরানের সঙ্গে যুদ্ধ আগামী কয়েক মাসে ভিন্ন পর্যায়ে যাবে: জেডি ভ্যান্স
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ আগামী কয়েক মাসে ‘একেবারে ভিন্ন এক পর্যায়ে’ প্রবেশ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরই এই যুদ্ধের অবসান হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, তার সঙ্গে তিনি একমত।
সোমবার বিমানে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ভ্যান্স এসব কথা বলেন।
ভ্যান্স বলেন, মধ্যবর্তী নির্বাচনের সময়ের মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে’।
তিনি বলেন, ‘আমরা ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিতভাবে বলতে পারি না। তবে আমি মনে করি, প্রেসিডেন্ট ঠিকই বলেছেন যে আগামী কয়েক মাসে এটি একেবারেই ভিন্ন ধরনের পরিস্থিতিতে পরিণত হবে।’
ভ্যান্স আরও বলেন, ‘তিনি (ডোনাল্ড ট্রাম্প) সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও। তাই কখন সংঘাত শুরু হবে এবং কখন শেষ হবে, তা তিনিই নির্ধারণ করেন।’
মার্কিন জনগণ কিছুটা অধৈর্য হয়ে পড়ছেন বলেও মন্তব্য করেন ভ্যান্স। তবে তার দাবি, ‘বাস্তবে এই মুহূর্তে যা ঘটছে তা হলো, যুক্তরাষ্ট্র কোনো আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনা করছে না।’
তিনি বলেন, ‘তবে যা হচ্ছে তা হলো, ইরানিরা কখনো কখনো বাণিজ্যিক জাহাজের দিকে গুলি ছোড়ে, যদিও সাধারণত তারা সফল হয় না।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটবে। বিবিসি বাংলা।



