
ইরানে আরও তিন জনের মৃত্যুদণ্ড
ইরানে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর জেরে দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনের সময় নিরাপত্তাবাহিনীর তিন সদস্যকে হত্যার অভিযোগে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ইরানের আইন মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপির।
তেহরানে গত ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনি পুলিশি হেফাজতে মারা যান। এরপর থেকে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ-আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ইরান। এ ঘটনায় ইরানের কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা উপেক্ষা করে কঠোর দমননীতি চালায়। এ আন্দোলনে জড়িত থাকার অপরাধে সর্বশেষ যে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয়েছে, তারা উচ্চ আদালতে আপিলের সুযোগ পাবেন। এখন অবধি তিন মাসের বেশি সময় ধরে চলমান বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ইরানে মোট ১৭ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের মৃত্যুদণ্ড ইতিমধ্যে কার্যকর হয়েছে। আরও দুজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে। তাদের আপিল খারিজ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ আদালত।
সর্বশেষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তির নাম সালেহ মিরহাশেমি, মাজিদ কাজেমি এবং সাইদ ইয়াগুবি। তেহরানে গত শনিবার মোহাম্মদ মেহদি কারামি এবং সৈয়দ মোহাম্মদ হোসেইনি নামের দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়। তারা গত নভেম্বরে আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। এর আগে গত ডিসেম্বরে মোহসেন শেকারি ও মাজিদরেখা রাহনাভার্দের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।



