
অস্ট্রেলিয়ায় এমন বন্যা ‘শত বছরে একবার’ ঘটে
‘শত বছরে একবার’ ঘটে এমন বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল। বন্যায় আটকে পড়া শতশত লোকদের সামরিক হেলিকপ্টারে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।
মূলত গত সপ্তাহে পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের কম জনবহুল এলাকা কিম্বারলিতে সঙ্কটটি শুরু হয়। গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ‘এলি’র প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের কারণে এই বন্যার সৃষ্টি হয়।
রোববার পশ্চিম অস্ট্রেলিয়ার জরুরী সেবা মন্ত্রী স্টিফেন ডসন বলেছেন, ‘কিম্বার্লির জনগণ শত বছরে একবার ঘটে এমন বন্যার মুখোমুখি হয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনা এটি। কিছু কিছু এলাকায় ৫০ মিটার পর্যন্ত যেদিকে তাকানো যায় শুধু পানি।’
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে এখনও পর্যন্ত ২৩৩ জন লোককে সরিয়ে নেয়া হয়েছে। তাদের মধ্যে ৫০ শতাংশ বাসিন্দাই আদিবাসী।
স্থানীয় আবহাওয়া দপ্তর বলছে, ‘অনেক রাস্তাই এখন চলাচলের অযোগ্য এবং অনেক সম্প্রদায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
কর্তৃপক্ষ জানায়, অঞ্চলটির ফিৎজরয় নদীর পানি বুধবার ১৫.৮১ মিটার (৫২ ফুট) উচ্চতায় উঠেছে। যা ২০০২ সালের ১৩.৯৫ মিটারের রেকর্ড ভেঙেছে। রাজ্যের জরুরী কর্তৃপক্ষ পানি বৃদ্ধির ব্যাপারে স্থানীয় অধিবাসীদের সতর্ক করেছে।
বন্যায় ক্ষতির পরিমাণ নির্ণয় করা এখনই সম্ভব নয়। তবে কর্তৃপক্ষের ধারণা ধকল কাটিয়ে উঠতে কয়েক মাস সময় লাগতে পারে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস একে ‘বিধ্বংসী’ বলে বর্ণনা করেছেন এবং কেন্দ্রীয় সাহায্যের প্রতিশ্রুতি জানিয়েছেন।



