
আন্তর্জাতিক
ইরান-তুরস্ক সীমান্তে ভূমিকম্পে নিহত ২
ইরান ও তুরস্ক সীমান্তে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পে এখন পর্যন্ত দুই প্রাণহানির খবর জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।
শনিবার স্থানীয় সময় রাত ১২টার পর ইরানের খোবি শহরের ১৪ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে তুরস্ক সীমান্ত এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল সমতলের ১০ কিলোমিটার গভীরে।
ইরানের জাতীয় জরুরি সংস্থার মুখপাত্র মোজতবা খালেদী বলেন, ভূমিকম্পে দুজনের প্রাণহানি হয়েছে। এখন পর্যন্ত ১২২ জনের আহত হওয়ার খবর মিলেছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, উদ্ধারকারী বাহিনী ভূমিকম্পকবলিত এলাকায় ছুটে গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার কারণে সেখানে ভুগছে অনেক লোকজন।
তবে তুরস্কে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি।



