যুক্তরাষ্ট্র

ইয়াঙ্গুনে মার্কিন সাংবাদিক আটক

মিয়ানমারে এক মার্কিন সাংবাদিক আটক হয়েছেন। ড্যানি ফেনস্টার নামে ওই সাংবাদিককে সোমবার ইয়াঙ্গুনে আটক করা হয়।

তিনি ফ্রন্টিয়ার মিয়ানমার নামের মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক। খবর এএফপির।

ড্যানিকে আটক করার ঘটনা নিয়ে নিজেদের টুইটার পেজে বিবৃতি দিয়েছে ফ্রন্টিয়ার মিয়ানমার। বিবৃতিতে বলা হয়, সোমবার ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে ড্যানিকে আটক করা হয়। তিনি মিয়ানমারের বাইরে যাওয়ার জন্য একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন। এ সময় তাকে আটক করা হয়।

ফ্রন্টিয়ার মিয়ানমার বলেছে, ড্যানিকে কেন কর্তৃপক্ষ আটক করেছে, তা তারা জানে না। ড্যানির সঙ্গে কোনো যোগাযোগ করাও তাদের পক্ষে সম্ভব হয়নি। ড্যানি এখন কোথায়, কী অবস্থায় আছেন, তা নিয়ে তারা উদ্বিগ্ন।

ড্যানিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রন্টিয়ার মিয়ানমার। তারা বলেছে, এখন তাদের অগ্রাধিকার হলো ড্যানি যে নিরাপদে আছেন, তা নিশ্চিত করা। পাশাপাশি তাকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া।

ফ্রন্টিয়ার মিয়ানমারের প্রধান সম্পাদক টমাস কিন জানিয়েছেন, ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক ড্যানি প্রায় এক বছর ধরে তাদের সংবাদমাধ্যমটিতে কাজ করছেন। তিনি তার পরিবারের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যেতে চাচ্ছিলেন।

আটকের পর ড্যানিকে ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে নেওয়া হয়েছে বলে ধারণা করছে ফ্রন্টিয়ার মিয়ানমার।

মিয়ানমারে গত বছরের নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল জয় পায়। নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে বলে দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থা অভিমত দেয়। তবে এই নির্বাচনে কারচুপি-জালিয়াতির অভিযোগ আনে দেশটির সেনাবাহিনী। তৎকালীন নির্বাচন কমিশন সেনাবাহিনীর এ অভিযোগ নাকচ করেছিল।

নির্বাচনে কথিত জালিয়াতির অজুহাত তুলে দেশটির সেনাবাহিনী গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চির নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে। একই সঙ্গে সু চিসহ দেশটির বেসামরিক নেতাদের গ্রেফতার করে। মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে জরুরি অবস্থা জারি করে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension