
সাংবাদিক নিপীড়ন বন্ধের দাবিতে মিশিগানে সমাবেশ
সাংবাদিক রোজিনা ইসলামসহ অন্যান্য সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাংবাদিক হয়রানির বিচার এবং বাংলাদেশের মুক্ত সাংবাদিকতার পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগানে কর্মরত প্রবাসী সাংবাদিকরা।
রোববার (২৩ মে) বিকালে বাংলাটাউন খ্যাত হেমট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্ট চত্বরে সাংবাদিক এবং প্রবাসী জনসমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মিশিগান স্টেট ডিস্ট্রিক-৪ রিপ্রেজেনটিভ অ্যাব্রাহাম আয়াস উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। তিনি বক্তব্যে বলেন, দোষীদের শাস্তি নিশ্চিত হলেই বাকস্বাধীনতা নিশ্চিত হবে এবং একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক হবে। সাংবাদিকদের সংবাদ সংগ্রহের স্বাধীনতা নিশ্চিত করাসহ সাংবাদিক নিপীড়ন বন্ধের আহ্বান জানান বাংলাদেশ সরকারের কাছে।
বক্তারা বলেন, সাংবাদিক রোজিনার ওপর হামলা মানে বাংলাদেশের সাংবাদিকতার ওপর হামলা। যারা রোজিনাকে হেনস্তা করেছে, তাদের বিচার করার পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা সাংবাদিক নির্যাতনকারী দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।❐



