
উত্তরাখণ্ডে ব্রেকআপে রাজি না হওয়ায় প্রেমিককে সাপের ছোবলে খুন!
প্রেমিকের হাত থেকে রেহাই পেতে অদ্ভুত কাণ্ড ঘটালেন প্রেমিকা। সাপুড়ের সাহায্যে সাপের ছোবলে খুন করলেন প্রেমিককে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের হলদওয়ানিতে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি খুন হন ব্যবসায়ী অঙ্কিত চৌহান। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। তদন্তে জানা যায়, প্রেমিকা মাহি এই খুনের পরিকল্পনা করেছেন এবং প্রেমিক অঙ্কিতকে সাপের কামড়ে হত্যা করেছেন। তবে হত্যাকাণ্ডের পর মূল পরিকল্পনাকারী মাহি ও তার সহযোগীরা এখনও পলাতক। যদিও এ ঘটনায় বিষাক্ত সাপটিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৫ জুলাই একটি গাড়ির ভেতর থেকে অঙ্কিতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নৈনিতালের এসএসপি পঙ্কজ ভাট বলেন, রাজ্যে এই প্রথম এমন খুনের ঘটনা ঘটেছে যাতে সাপের কামড়ে কাউকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে মাহি ছাড়াও পাঁচজন জড়িত।
তিনি বলেন, পুরো হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করেন মাহি। একজন সাপুড়েকে ব্যবহার করেন তিনি। অঙ্কিতের পায়ে সাপ কামড় দিলে তিনি মারা যান। ওই সাপুড়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
এই হত্যাকাণ্ডের বিষয়ে এসএসপি পঙ্কজ ভাট বলেন, মাহির সঙ্গে অঙ্কিতের সম্পর্ক ছিল। মাহি দীর্ঘদিন ধরে অঙ্কিতকে ব্ল্যাকমেল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। পরে প্রেমিকের কাছ থেকে মুক্তি পেতে চান তিনি। কিন্তু অঙ্কিত নিয়মিত মাহির সঙ্গে দেখা করছিলেন।
অভিযোগ উঠেছে, ঘটনার রাতে ৪ ঘণ্টা মাহির বাড়িতেই ছিলেন অঙ্কিত। এ সময় মাহি সাপুড়েকে ডাকেন। সাপের কামড় খেয়ে অঙ্কিত দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এমতাবস্থায় অপর পায়েও সাপের কামড় খান তিনি। এরপরেই মৃত্যু হয় তার।



