
উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে ঈদুল আজহা উদযাপিত
রূপসী বাংলা ডেস্ক: উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রেও উদযাপিত হয়েছে ঈদুল আজহা। শুধুমাত্র নিউইয়র্কে চারশো’রও বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যামাইকার হাইস্কুল মাঠে।
নিউর্ইয়কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মঙ্গলবার( ২১ আগস্ট) সকালে ঈদের জামাতে অংশ নিতে দলে দলে খোলা মাঠ, সড়ক ও মসজিদমুখী হন প্রবাসী মুসলমানরা। নামাজে মূলধারার রাজনীতিবিদরাও বিভিন্ন স্থানে জামায়াতে অংশ নেন। তারা যুক্তরাষ্ট্রে মুসলিম কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন।

লেফটেন্যান্ট গভর্নর, নিউইয়র্কের লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হকোল বলেন, ‘সারা বিশ্বে যেখানে যাই ঘটুক না কেন, নিউইয়র্কের দুই কোটি মানুষ আপনাদের পিছনে আছে। আমরা মুসলমানদের প্রয়োজনে, আপনাদের নিরাপত্তা দিতে সব সময় নিয়োজিত আছি।’
প্রেসিডেন্ট, কুইন্স ব্যুরোর প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ বলেন, ‘আমি নিজেকে মুসলমান কমিউনিটিরই একজন মনে করি। নিউইয়র্কে বাংলাদেশি মুসলমানদের ভূমিকা প্রশংসনীয়। এজন্য আমি শুধু ধন্যবাদ দেয়াটা পর্যাপ্ত মনে করি না। আমরা কৃতজ্ঞ। সব সময় আপনাদের পাশে আছি।’

যুক্তরাষ্ট্রের সবচে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায়। জ্যামাইকা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জামায়াতে পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক নারী ও শিশুরাও ঈদের নামাজ আদায় করেন। বিশ্বশান্তি, সৌভ্রাতৃত্ব ও বাংলাদেশের উন্নতির জন্য মোনাজাত করেন সবাই। এখানে ঈদের জামায়াতে ইমামতি করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব হাফেজ মুজাহিদুল ইসলাম। প্রায় বিশ হাজার মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন।

এছাড়াও ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, নিউজার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ম্যাসাচুচেসটস সহ বিভিন্ন স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এসব জামায়াতে মুসলমান কমিউনিটির সাথে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন।



