
একজন মহিলাকে খুশি করাই এখন রাজ্যের রেওয়াজ : অধীর
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের সরব হলেন অধীর চৌধুরী৷ বুধবার বিকেলে বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের সাম্প্রতিক বেশ কয়েকটা ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন৷ একই সঙ্গে রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে একাধিক প্রশ্নও তুললেন৷
এদিন বিকেলে বহরমপুরে কংগ্রেসের জেলা কার্যালয়ে ওই সাংবাদিক বৈঠক করেন সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ সেখানে তিনি বলেন, ‘‘এই রাজ্যে ওয়ান উইমেন গভমেন্ট চলছে৷ একজন মহিলাকে খুশি করতে পারলেই আর কিছু করতে হবে না। এই রাজ্যে এখন এটাই রেওয়াজ ও কমসংস্কৃতি হয়ে গিয়েছে।’’
তিনি এদিন নাগেরবাজারে বিস্ফোরণ থেকে মেডিক্যাল কলেজে আগুন নিয়ে একাধিক প্রশ্ন তোলেন৷ বলেন, ‘‘মানুষ বিপদে পড়লে হাসপাতালে যায়৷ কিন্তু এই বাংলার হাসপাতাল থেকে প্রাণে বাঁচতে পলায়ন করছে রোগীরা। হাসপাতালে শুধু নীল সাদা রং করতে হবে৷ এটাই বড় কথা৷ নীল সাদা রং করলেই বাংলার উন্নয়নের সমাপ্তি। সাড়া বাংলা জুড়ে সমস্ত হাসপাতালে একই অবস্থা।’’
বহরমপুরের কংগ্রেস সাংসদের প্রশ্ন, ‘‘রাজ্যে একের পর এক দুর্ঘটনা কি এড়ানো যেত না? নাগেরবাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় ৮ বছরের বালকের মৃত্যু কি এড়ানো যেত না?’’
নাগেরবাজারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন তিনি৷ প্রশ্ন তুলেছেন, এই বিস্ফোরণের ঘটনার পর কেন ঘটনাস্থল ধুয়ে দেওয়া হল? এই ঘটনার এনআইএ তদন্তের দাবি তুলেছেন তিনি।
অধীর চৌধুরীর বক্তব্য, ‘‘বাংলায় যা কিছু হচ্ছে তার দায়িত্ব এড়াতে পারে না সরকার। এই সরকার অদক্ষ, অযোগ্য, মানুষের ভালো মন্দ বোঝে না৷ এই বাংলায় সমস্ত বিভাগের আধিকারিকরা বুঝে গিয়েছে একজন মানুষকে খুশি কররে পারলেই এই বাংলার তথা নিজেদের জীবনের উন্নয়ন হবে।’’



