
এবারে হজ্বের খুতবা বাংলাসহ ১০ ভাষায়
চলতি বছরে হজ্বের খুতবা বাংলাসহ বিশ্বের ১০টি ভাষায় শোনানো হবে বলে জানিয়েছেন মক্কার ও মসজিদ নববীর ইমাম ড. আবদুর রহমান সুদাইস।
ইমাম রহমান সুদাইসের করা এক টুইটের বিরাত দিয়ে অনলাইন আরব নিউজ তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ বছর আরাফাত ময়দান থেকে হজ্বের খুতবা সরাসরি ইংরেজি, মালে, উর্দু, ফার্সি, ফরাসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা এবং বাংলাসহ মোট ১০টি ভাষায় শোনানো হবে।
করোনার কারণে এবার মাত্র এক হাজার যাত্রীকে হজ্ব করার অনুমতি দিয়েছে সৌদি সরকার। এর মধ্যে বিভিন্ন দেশের নাগরিক আছেন, তবে বেশী সংখ্যক হবে সৌদি আরবের নাগরিক। সৌদি আরবে বসবাসকারী বিদেশি নাগরিকও আছে তবে এর সংখ্যা কোন্ দেশের কত তা এখনও প্রকাশ করা হয় নি।
সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় দাওয়াহ ও গাইডেন্স বিশ্বের বিভিন্ন দেশ থেকে মন্ত্রী, আলেম, মুফতি, নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও ইসলামি সমাজের প্রধানসহ ১,২০০ বিশিষ্ট ব্যক্তি এবারের হজ্ব নিয়ে বার্তা ও বক্তব্য দিয়েছেন। যেখানে ২০২০ সালের হজ্ব সীমিত সংখ্যায় সীমাবদ্ধ করার সৌদি বাদশাহর প্রশংসা করেছে।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর আরবি জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (স.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।
পবিত্র হজ্ব পালন করতে এবার হজযাত্রীদের প্রথম দলটি মক্কায় পৌঁছেছেন। হজ করতে মক্কা পৌঁছেছেন আমিরাতের আবদুল্লাহ আল কাথিরি। তিনি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।
মহামারী করোনাভাইরাসের কারণে এবার ‘সীমিত আকারে’ হজ্ব পালনের পরিকল্পনা করেছে সৌদি আরব।
এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ জানায়, দেশটিতে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিক এবং স্থানীয়দের সমন্বয়ে এক হাজারের মতো লোক এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন।
কঠিন নিরাপত্তার চাদরে ঢাকা মক্কায় অনুমতি ছাড়া প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ❑



