
এবার প্রধানমন্ত্রীর নাম বদল ফেলা প্রয়োজন: মুখ্যমন্ত্রী
রূপসী বাংলা ডেস্ক: রামলীলা ময়দানের নাম পরিবর্তনকে কেন্দ্র করে বিজেপি-কে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে রামীলা ময়দানের নাম, বিষয়টিকে সমর্থন না করে কেজরিওয়াল স্পষ্ট বলেন, এইভাবে বিজেপি ভোট পাবে না, ভোট পেতে পরিবর্তন করতে প্রধানমন্ত্রীর নাম৷
১৫ অগস্ট একটি ট্যুইট করে আম আদমি পার্টি প্রধান জানান, বাজপেয়ীজির নাম রামলীলা ময়দানের নামকরণ হলে তা বিজেপিকে ভোট এনে দেবে না৷ এর জন্যে দলের উচিত প্রধানমন্ত্রীরই নাম পরিবর্তন করা৷ কারণ প্রধানমন্ত্রীর(মোদী) নামে আর কেউ ভোট দিচ্ছে না৷

তবে এই নাম পরিবর্তনের বিষয়টি অস্বীকার করেছেন দিল্লি বিজেপি প্রধান মনোজ তিওয়ারি এবং নর্থ দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের মেয়র আদেশ কুমার গুপ্তা৷ মনোজ তিওয়ারি জানান, রামলীলা ময়দানের নাম পরিবর্তনের প্রশ্নই ওঠে না, তবে কেউ কেউ এই বিষয়টিকে নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে৷ মিথ্যা প্রচারের অদম্য চেষ্টা চলছে৷
প্রসঙ্গত, বিজেপির হেডকোয়ার্টার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এই ময়দান প্রায় দুটি ফুটবল মাঠের সমান, যেখানে প্রতিবাদ-ধরণায় সামিল হয় বিভিন্ন দল৷ তাছাড়া প্রতিবছর রামলীলা হওয়ার জন্যও এই ময়দান যথেষ্ট জনপ্রিয়৷
এদিকে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর আত্মীয় করুণা শুক্লা ক্ষোভ উগরে দিয়ে বলেন, অটল বিহারী বাজপেয়ীর অস্থি নিয়ে বিজেপি শো-অফ করছে৷ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমণ সিং এবং তাঁর মন্ত্রীমন্ডলকেও কটাক্ষ করেন তিনি৷ ছত্তিশগড়ের জাঁজগীর-চম্পার প্রাক্তন বিজেপি সাংসদ করুণ শুক্লা ২০১৪ সালে পদ্ম শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দেন৷ তিনি স্পষ্ট বলেন, গত ১০ বছরে বিজেপির চিন্তা হয়নি অটলজিকে নিয়ে, এখন ভোটের মুখে তাঁর মৃত্যু নিয়ে রাজনীতি চলছে৷



