খেলা

এবার বলিউড মাতাতে আসছেন রাসেল

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক :আইপিএল মাতিয়ে এবার বলিউড মাতাতে আসছেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার আন্দ্রে রাসেল। রবিবার মুম্বইয়ের কাছে হেরে দল প্লে-অফে কোয়ালিফাই না করতে পারলে কী হিবে, দ্বাদশ আইপিএলে বিনোদনকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন দ্রে রাস। অমানবিক ব্যাটিংয়ে বিপক্ষের ত্রাস তো হয়ে উঠেছেনই, একইসঙ্গে সুদূর ক্যালিপসোর দেশ থেকে এসে নাইট শিবিরের মধ্যমনি হয়ে উঠেছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার।

এহেন দ্রে রাসকে সম্প্রতি একটি ভিডিও-তে দেখা গিয়েছিল টিম হোটেলে সতীর্থদের সঙ্গে হিন্দি গান গাইতে। ইন্টারনেটে সেই ভিডিও ক্লিপিং ভাইরাল হতেই রাসেলের গানের প্রশংসায় মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বহুমুখী প্রতিভার অধিকারী রাসেল সত্যিই এবার বলিউডে তাঁর ডেবিউ প্লে-ব্যাক সেরেই ফেললেন।

ক্রিকেটের পাশাপাশি মিউজিকের প্রতি তাঁর প্যাশনের কথা অনুরাগীদের অজানা নয়। ২০১৫ জামাইকান জনপ্রিয় গায়ক বেনি ম্যানের সহযোগীতায় ‘দ্রে রাস’ নামে সিঙ্গলও রেকর্ড করেছিলেন রাসেল। এবার ভারতে এসে অল্পদিনের মধ্যেই বলিউডে পসার জমিয়ে ফেললেন ক্যারিবিয়ান ক্রিকেট তারকা। বলিউডে তাঁর প্রথম প্লে-ব্যাকের কথা নিজেই জানালেন অনুরাগীদের।

মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছালের সঙ্গে একটি ছবি পোস্ট করে রাসেল জানালেন বলিউডে তাঁর প্রথম প্লে-ব্যাকের কথা। তবে এক্ষেত্রেও সিঙ্গলই রেকর্ড করেছেন দ্রে রাস। স্বভাবতই রাসেলের পোস্ট দেখে ভারতের মাটিতে তাঁর নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি অনুরাগীরা। ব্যাট হাতে ২০৪.৮১ স্ট্রাইক রেটে আইপিএলে সবচেয়ে বিনোদন প্রদানকারী ক্রিকেটার এবার বিনোদুনিয়ায় কেমন পারফর্ম করেন, সেটাই দেখার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension