বিনোদন

এমন উচ্চতায় আগে কখনও পৌঁছয়নি, বুর্জ খলিফার বর্ণিল শুভেচ্ছায় আবেগঘন ‘বাদশা’

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: শনিবারেই ৫৪ বছরে পা দিয়েছেন শাহরুখ খান। কিং খানের জন্মদিন পালন ঘিরে প্রতিবারের মত এবছরেও ভক্তদের মধ্যে দেখা গিয়েছে উল্লাস-উদ্দীপনা। শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছে কিং খানের ফেসবুক, ইন্সস্টাগ্রামের প্রোফাইল।

এ দিন প্রতি বছরের মত এবারেও শাহরুখের ‘মন্নতের’ সামনে ভিড় জমান তাঁর অনুরাগীরা। কিন্তু আর পাঁচটা জন্মদিনের থেকে এই জন্মদিনটা একটু আলাদা কাটল কিং খানের। বলিউডের অবিসংবাদিত নায়ক শাহরুখের ভক্তসংখ্যা যে দেশ-কাল-সীমার বেড়া টপকে সুদূর বিদেশেও বিস্তৃত তা আবারও প্রমাণিত হল।

শাহরুখের জন্মদিন উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় ফুটে উঠল কিং খানের নাম। শনিবার সন্ধেয় একটি ‘লাইট অ্যান্ড সাউন্ড’-এর অনুষ্ঠানের আয়োজন করে বুর্জ খলিফা কর্তৃপক্ষ। সেখানেই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জ্বলজ্বল করে লেখা ফুটে ওঠে, ‘শুভ জন্মদিন, বলিউডের রাজা। শাহরুখ খান’। আর আবহে তখন বাজছিল শাহরুখ অভিনীত ‘ওম শান্তি ওম’ ছায়াছবির ‘ধুম তানা না’ গানটি।

এই মোহময় মুহূর্তকে অনেকেই ক্যামেরাবন্দী করেন। আর সেই ভিডিও-ই নিজের ইন্সস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে কিং খান লেখেন, ‘আমার ভাই মহম্মদ আলবার এবং বুর্জ খলিফাকে অনেক ধন্যবাদ। তোমাদের ভালবাসা সত্যি অপ্রতিরোধ্য। এত উচ্চতায় এর আগে আমি কোনও দিনও পৌঁছই নি। অনেক ভালবাসা দুবাই। এটা আমার জন্মদিন আর আমি তোমাদের অতিথি।’

বলিউডের বাদশা সম্প্রতি দুবাই কর্পোরেশন ফর ট্যুরিজম অ্যান্ড কমার্স মার্কেটিং-এর ‘বি মাই গেস্ট’ প্রচারের মুখ হয়ে উঠেছেন। তাঁর এই ‘অন্যরকম’ জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অভিভূত রণবীর সিংও। নিজের অ্যাকাউন্ট লেখেন, ‘এটা অনবদ্য। তোমার সঙ্গে একদম সহমত ভাই।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension