
এমা স্টোনের এ কী হাল!
হলিউডের সুদর্শনা অভিনেত্রীদের একজন তিনি। তবে চরিত্রের জন্য একচুলও ছাড় নয়। তারই প্রমাণ মিলল নতুন ছবি ‘বোগোনিয়া’র ট্রেলারে। ইয়োরগস লান্থিমোসের এ কল্পবিজ্ঞান ছবির প্রিমিয়ার হয়েছে ৮২তম ভেনিস উৎসবে।
সেখানে পেয়েছে ৬ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন আর ভূয়সী প্রশংসা। এরপর ইউটিউবেও এসেছে ছবিটির ট্রেলার। তাতে রীতিমতো চমকে দিয়েছেন এমা।
ছবিটির জন্য পুরো মাথা ন্যাড়া করেছেন তিনি।
তাঁর ন্যাড়া মাথার ছবিগুলো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। বিপরীতে মিলছে প্রশংসাও।
ছবিতে দেখা যাবে, দুই ব্যক্তি এক প্রভাবশালী নারী সিইওকে অপহরণ করে। তাদের মতে, ওই নারী আসলে এলিয়েন, যে পৃথিবীকে ধ্বংস করতে এসেছে।
এ নারীর ভূমিকায় আছেন এমা।
এটি লান্থিমোসের সঙ্গে এমার চতুর্থ ছবি। এর আগে করেছেন ‘দ্য ফেভারিট’, ‘পুউর থিংস’, ‘কাইন্ডস অব কাইন্ডনেস’। দ্বিতীয় ছবিটির জন্য এমা জিতেছিলেন সেরা অভিনেত্রীর অস্কার।



