
এয়ারস্ট্রাইকের পর কণার্টকে সবকটি আসনে জয়ের স্বপ্ন দেখছে বিজেপি
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রায় পাঁচ দশক পর পাকিস্তানের মাটিতে এয়ারস্ট্রাইক করে সবথেকে বড় আঘাত হেনেছে ভারতীয় বায়ুসেনা৷ সেই ঘটনা থেকে এবার রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কর্ণাটক বিজেপি৷ রাজ্য বিজেপি সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েই দিলেন, আগামী লোকসভা ভোটে কর্ণাটকের ২২টি আসনে জিতবে দল৷
বিএস ইয়েদুরাপ্পা মেনে নেন এই প্রত্যাঘাতের প্রভাব পড়বে ভোটবাক্সে৷ পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে পারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর খুশি আম জনতা৷ বাজপেয়ী ও কংগ্রেস সরকার যা করতে পারেনি মোদী তা করে দেখিয়েছেন৷ নিঃসন্দেহে এই এয়ারস্ট্রাইক ভারতীয় জনতা পার্টিকে অন্যান্য দলের চেয়ে সুবিধাজনক অবস্থায় এগিয়ে নিয়ে গিয়েছে৷
বুধবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘‘পাকিস্তানের বুকে আঘাত হেনেছে ভারতীয় বায়ুসেনা৷ আর সরকারের এক সিদ্ধান্তে ভোটের হাওয়া এখন বিজেপির দিকে ঘুরে গিয়েছে৷ পাকিস্তানকে মুখের মতো জবাব দেওয়ায় যুবসম্প্রদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর দারুণ খুশি৷ কর্ণাটকে ২২টি আসনে জয়ী হবে বিজেপি৷’’
১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা করে জইশ-ই-মহম্মদ৷ শহিন হন ৪০ সিআরপিএফ জওয়ান৷ সেই বদলা নিতে ২৬ ফেব্রুয়ারি সীমান্ত পেরোয় ভারতীয় বায়ুসেনা। বালাকোট, মুজাফারবাদ সহ একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে মিরাজ যুদ্ধবিমান। প্রায় ৩০০-রও বেশি জঙ্গিকে খতম করা হয়েছে বলে দাবি।
ভারতীয় বায়ুসেনার পালটা মারে রীতিমত মাথায় আকাশ ভেঙে পড়ে পাকিস্তানের। কিন্তু এরপরেও বুধবার রাত থেকে লাগাতার এলওসি’তে গোলাবর্ষন শুরু করে পাকসেনা। যার পালটা জবাব হিসাবে পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।



