
এরশাদ আবারও অসুস্থ, সিএমএইচে ভর্তি
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ ২৭ নভেম্বর মঙ্গলবার অসুস্থ বোধ করায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
জাপা চেয়ারম্যানের প্রেসসচিব সুনীল শুভ রায় জানিয়েছেন, এরশাদ হাঁটুব্যাথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এরশাদের সিঙ্গাপুরে যাওয়া প্রয়োজন। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি যাচ্ছেন না।
সূত্র জানিয়েছে, পরীক্ষা নিরীক্ষার ফল পেলে এরশাদকে সিঙ্গাপুরেও নেওয়া হতে পারে। কালকের মধ্যেই তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হতে পারে। এরপর বৈঠকে বসে কবে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক দল এরশাদের জাতীয় পার্টি। আসন্ন সংসদ নির্বাচনে মহাজোটের সাথে নির্বাচনে লড়বে জাপা। তবে শুরুর দিকে এরশাদ ৭০/৮০ আসন দাবি করলেও সেই অবস্থান থেকে সরে এসে ৪৭টি আসনের দাবি তুলেছে। গণমাধ্যমে সেই ৪৭ প্রার্থীর নামও প্রকাশ করেছে জাপা। এরশাদের দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে বলেন, আসন্ন নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে জাপা। এরপর মহাজোটের সঙ্গে আসনের বিষয়টি চূড়ান্ত করা হবে।



