
ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা স্থগিত
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করা হয়েছে।
ঐক্যফ্রন্টের মিডিয়া কোঅর্ডিনেটর লতিফুল বারি হামিম এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, শুক্রবার বিকেলে প্রার্থী ঘোষণার কার্যক্রমটি আপাতত স্থগিত করা হয়েছে। প্রার্থীর নাম ঘোষণার তারিখ পরবর্তীতে সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, জোটের সর্ববৃহৎ শরিক দল বিএনপি এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি, এ কারণেই ঘোষণা পেছানো হলো।
বিএনপিসহ ২০ দলীয় জোট এবার জাতীয় ঐক্যফ্রন্টের জোটভুক্ত হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। এ জোটের বাকি শরিক দলগুলো হচ্ছে গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, আজ শুক্রবার বিকেল ৩টায় পল্টনে জোটের কার্যালয় থেকে তারা তাদের প্রার্থী ঘোষণা করবে। তবে আজ সকালে এই সিদ্ধান্তটি বাতিল করা হল।



