
ওটিটি নয়, এবার বড় পর্দায় ‘মির্জাপুর’
এবার বড় পর্দার জন্য প্রস্তুত হচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম অ্যামাজন প্রাইম ভিডিওর হিট ক্রাইম সিরিজ ‘মির্জাপুর’। কেবল বড় পর্দায় আসা নয়, সিরিজে মারা যাওয়া একাধিক জনপ্রিয় চরিত্রকেও এই সিনেমায় ফিরিয়ে আনা হচ্ছে বলে খবর।
ওটিটি প্লের প্রতিবেদন অনুযায়ী, সিরিজের প্রধান অভিনেতারা ফিরছেন সিনেমায়। এই তালিকায় আছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু শর্মা ও শ্বেতা ত্রিপাঠীর মতো পরিচিত মুখেরা।
চমক হিসেবে নতুন করে অ্যাকশনে যোগ দিচ্ছেন অভিনেতা জিতেন্দ্র কুমার ও রবি কিষণ।
তবে সিনেমায় তারা সিরিজের পরিচিত চরিত্রেই ফিরছেন, নাকি একেবারে নতুন ট্রাবলমেকার হিসেবে ধরা দেবেন—তা এখনো গোপন রেখেছেন নির্মাতারা। তবে এতে যে ক্রাইম ড্রামা আরো জমজমাট হবে, সে বিষয়ে সন্দেহ নেই।
‘মির্জাপুর : দ্য ফিল্ম’-এর মুক্তির সঠিক দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি।
তবে নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, সিনেমাটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। সিনেমা হলে প্রদর্শনের পরই এটি আসবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। যারা ওটিটি প্লে প্রিমিয়ামের গ্রাহক, তারা বিশেষ টপ-আপের মাধ্যমে সিনেমাটি দেখতে পাবেন।
এর আগে সিরিজটির প্রধান অভিনেতা আলী ফজল এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন।
তিনি নিশ্চিত করেছেন যে, এটি সিরিজের আসল কাস্ট নিয়ে তৈরি হচ্ছে এবং কাহিনিতে সময়কে পেছনে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।



