খেলা

ওপেনিং জুটিতে অপরাজিত ডাবল সেঞ্চুরি ভারতের

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: অবিরাম বৃষ্টিতে নির্ধারিত সময়ের আগেই শেষ হল বিশাখাপত্তনমে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। ওপেনার হিসেবে টেস্ট ক্রিকেটের অভিষেকে রোহিত শর্মার অপরাজিত দুরন্ত শতরান, ময়াঙ্কের অপরাজিত ৮৪ রানে দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ২০২।

সাম্প্রতিক অতীতে ওপেনিং পার্টনারশিপে ভারতের এহেন সাফল্য নেই বললেই চলে। ২০১৫ জুনে বাংলাদেশের মাটিতে শেষবার ওপেনিং জুটিতে দু’শো রানের পার্টনারশিপ এসেছিল শিখর ধাওয়ান ও বিরাট কোহলির হাত ধরে। অর্থাৎ চার বছরেরও বেশি সময় বাদে ওপেনিংয়ে দু’শো রানের গন্ডি পেরোল টিম ইন্ডিয়া।

তবে সবকিছু ছাপিয়ে টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার দুরন্ত প্রত্যাবর্তনই বিশাখাপত্তনমে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনের নির্যাস। বোর্ড সভাপতি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচেই ওপেনিংয়ের চ্যালেঞ্জটা নিয়ে মাঠে নেমেছিলেন রোহিত। তবে সেখানে রানের খাতা না খুলেই ফিরতে হয়েছিল প্যাভিলিয়নে। কিন্তু প্রথম টেস্টের প্রথমদিনই বুঝিয়ে টিম ম্যানেজমেন্ট ওপেনে তাঁর উপর আস্থা রেখে কোনও ভুল করেনি।

দিনের প্রথম সেশনেই কাগিসো রাবাদা-ভার্নন ফিল্যান্ডার সমৃদ্ধ প্রোটিয়া বোলিং আক্রমণের সামনে আগ্রাসী মেজাজে ধরা দেন রোহিত। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে লাঞ্চের আগেই পূর্ণ করেন অর্ধশতরান। সেইসঙ্গে ঘরের মাঠে টেস্ট সিরিজে টানা ছ’টি ইনিংসে অর্ধশরান করে রাহুল দ্রাবিড়ের রেকর্ড স্পর্শ করেন ‘হিটম্যান’।

পাশাপাশি ৩৯ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতকে বিনা উইকেটে ৯১ রানে পৌঁছে দেন আরেক ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। মধ্যাহ্নভোজের বিরতির পর এতটুকু ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ না দিয়ে রাবাদা-মহারাজদের উপর ব্যাট হাতে ছড়ি ঘোরাতে থাকেন হিটম্যান। রোহিতের একের পর এক দর্শনীয় শট আছড়ে পড়তে থেকে স্টেডিয়ামের বিভিন্ন দিকে। ধ্রুপদী ব্যাটিংয়েই ওপেনার হিসেবে প্রথম টেস্ট শতরানটি তুলে নেন সংক্ষিপ্ত ফর্ম্যাটে কোহলির ডেপুটি। ৫৪তম ওভারে সেনুরান মুথুস্যামির একটি শর্ট বল কভারে ঠেলে টেস্ট ক্রিকেটে নিজের তৃতীয় শতরানটি পূর্ণ করেন ‘হিটম্যান’ রোহিত। ১২টি চার ও ৫টি ছয়ের সাহায্যে চা-পানের বিরতিতে ১১৫ রানে অপরাজিত থাকেন তিনি।

শতরানের দিকে এগিয়ে চলা আরেক ওপেনার ময়াঙ্ক অপরাজিত থাকেন ৮৪ রানে। মন্দ আলোর জন্য নির্ধারিত সময়ের খানিক আগেই দ্বিতীয় সেশনের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ৫৯.১ ওভারে বিনা উইকেটে ২০২ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করার পর অবিরাম বৃষ্টিতে ভেস্তে যায় প্রথমদিনের খেলা।

অর্থাৎ, বিশাখাপত্তনমে প্রথম দিন দুই ভারতীয় ওপেনারের ব্যাটিং দাপটের সামনে ম্লান রাবাদা নেতৃত্বাধীন প্রোটিয়া বোলিং আক্রমণ। কোহলিব্রিগেডের বিরুদ্ধে উপমহাদেশের মাটিতে উইকেটের লক্ষ্যে এদিন তিন স্পিনারে একাদশ সাজায় ফাফ ডু’প্লেসির দক্ষিণ আফ্রিকা। রাবাদা ১৩ ওভার ও ফিল্যান্ডার ১১.১ ওভার হাত ঘোরালেও মেলেনি সাফল্য। অন্যদিকে রোহিত-ময়াঙ্ক ব্যাটিং বিক্রমের সামনে ২৩ ওভার হাত ঘোরালেও স্পিনার কেশব মহারাজের সাফল্যের ভাঁড়ার শূন্যই থেকে যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension