
ওয়ার্ডপ্রেসের প্লাগ-ইনে ত্রুটি, লাখ লাখ ওয়েবসাইট ঝুঁকিতে
নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ওয়ার্ডপ্রেসের আল্টিমেট মেম্বার প্লাগ-ইনে। আর এই ত্রুটি কাজে লাগিয়ে প্লাগ-ইন যুক্ত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থাকা ব্যবহারকারীদের প্রোফাইল ও লগইনের তথ্য চুরি করে সাইবার হামলা চালানো সম্ভব।
গত ৩০ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটার। প্রতিবেদনে আরও বলা হয়, জিরো ডে ঘরানার ত্রুটি শনাক্ত করেছে নিরাপত্তা প্লাগ-ইন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্ডফেন্সের একদল গবেষক।
তাদের মতে, সিভিই-২০২৩-৩৪৬০ নামের নিরাপত্তা ত্রুটিকে ক্ষতির মাত্রা বিবেচনায় ১০ নম্বরের মধ্যে ৯ দশমিক ৮ হিসাবে বিবেচনা করা হচ্ছে। আলটিমেট মেম্বার প্লাগ-ইনের সব সংস্করণেই এ ত্রুটি থাকায় আশঙ্কা করা হচ্ছে প্লাগ-ইনটি ব্যবহার করা প্রায় দুই লাখ ওয়েবসাইট সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।
তবে নিজেদের প্লাগ-ইনে নিরাপত্তা ত্রুটি শনাক্তের পর সমস্যা সমাধানে কাজ করছে এর নির্মাতা প্রতিষ্ঠান। নতুন সংস্করণ উন্মুক্ত না করা পর্যন্ত সর্বশেষ সংস্করণের আলটিমেট মেম্বার প্লাগ-ইন ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।
প্রসঙ্গত, সফটওয়্যারের দুর্বলতাই জিরো ডে নিরাপত্তা ত্রুটি। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাঁচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয়।



