
কন্ঠযোদ্ধা শহীদ হাসানের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম জনপ্রিয় শিল্পী শহীদ হাসানের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়। স্বাধীনতার মাসে মহান বিজয় দিবস স্মরণে ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। খবর ইউএনএ’র।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর শিল্পী শহীদ হাসানকে ফাউন্ডেশনের পক্ষ থেকে উত্তরীয় হিসেবে শালের চাদর পড়িয়ে দেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, মুক্তিযোদ্ধা সরাফ সরকার, মুক্তিযোদ্ধা ও কলামিষ্ট আবু জাফর মাহমুদ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাবেরী দাস, নিউইয়র্ক ইন্স্যুরেন্স-এর প্রেসিডিন্ট, বিশিষ্ট সমাজসেবী শাহ নেওয়াজ, গ্রীনটাচ-এর পরিচালক ভিক্টোর এলাহী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী কাইয়ুম মোহাম্মদ ও শিল্পী শহীদ হাসান।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, একাত্তরে বীর মুক্তিযোদ্ধাদের মতো আমাদের তৎকালীন শিল্পীদের ভূমিকাও কম নয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গান একাত্তুরে দেশের জনগণ আর মুক্তিযোদ্ধাদের অনুপ্রানীত করেছে, উৎসাহিত করেছে, জনমনে জাগরণ তৈরী করেছে। তাই সেই সকল শিল্পীদের যথাযথ সম্মান জানানো উচিৎ। বক্তারা শিল্পী শহীদ হাসানকে একজন অমায়িক ব্যবহারের সুন্দর মনের মানুষ হিসেবে তার সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে শিল্পী শহীদ হাসান নিজের গাওয়া গান ছাড়াও জনপ্রিয় দেশের গান সহ বাংলা সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পীদের একাধিক গান পরিবেশন করে উপস্থিত দর্শকশ্রোতাদের মুগ্ধ করেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী দর্শক-শ্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন।




