
১২ প্রবাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে দেশের বাইরে থেকে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মতো কাজে জড়িয়ে না পড়েন, সেদিকে বিশেষ নজরদারি রয়েছে সিআইডির। গুজব ছড়ানোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ পর্যন্ত প্রায় ১২ জন প্রবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। দেশে ফিরলেই পুলিশ তাদের গ্রেপ্তার করবে।
এ পর্যন্ত গুজবও মানহানিকর তথ্য প্রচারের দায়ে সৌদি আরব, কাতার, অস্ট্রেলিয়া, ওমান, যুক্তরাজ্য ও মালয়েশিয়ার কমপক্ষে ১২ জন প্রবাসীকে শনাক্ত করা হয়েছে।
তফসিল ঘোষণার পর যেসব প্রবাসী গুজব ছড়ানোর ঘটনায় শনাক্ত হয়েছেন, তাদের প্রায় সবাই প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অশ্লীল প্রচার, নির্বাচন কমিশন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও নির্বাচন নিয়ে ইচ্ছাকৃতভাবে বিদ্বেষপূর্ণ মন্তব্য বা ছবি পোস্ট করেছেন।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার (৮ নভেম্বর) পর গুজব ছড়ানোর অভিযোগে সৌদি আরবে অবস্থানরত দুই প্রবাসী বাংলাদেশির আকামা (কাজের অনুমতিপত্র) বাতিলের সুপারিশ করা হয়েছে।
গুজব প্রতিরোধে সিআইডি ছাড়াও পুলিশ সদর দপ্তরের ‘সোশ্যাল মিডিয়া মনিটরিং অ্যান্ড সাইবার ক্রাইম প্রিভেনশন কমিটি’ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার অপরাধ দমন বিভাগ কাজ করছে বলে জানা গেছে।
তাছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে আট সদস্যের একটি পর্যবেক্ষণ টিম (কমিটি) গঠন করেছে ইসি। ২৪ ঘণ্টা এই কমিটি ফেসবুকসহ যেকোনো মাধ্যমে নির্বাচনকেন্দ্রিক গুজব রোধে কাজ করবে। এ ছাড়া তারা অপপ্রচারও খতিয়ে দেখবে।
সুত্রঃ প্রবাস কথা



