
করোনার উৎস খুঁজে না পেলে কভিড ২৬, ৩২-এর আশঙ্কা
কোভিড-১৯ প্রথম চীনের উহান থেকে ছড়ালেও এ ভাইরাসের উৎস কোথায়, সে বিষয়ে এখনও কোনো তথ্য জানায় নি চীন। উল্টো তারা দাবি করেছে, তাদের দেশ থেকে করোনা ছড়ায় নি। তবে দ্রুত কোভিড-১৯-এর উৎস খুঁজে না পেলে ভবিষ্যতে কোভিড-২৬ ও কোভিড-৩২-এর আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের দুই বিশেষজ্ঞ।
এদিকে করোনা মহামারিতে নতুন এক আশাবাদের কথা জানা গেল ভিন্ন দুটি গবেষণায়। এই দুই গবেষণায় বলা হয়েছে, সংক্রমণ ও ভ্যাকসিন নেওয়ার ফলে কিছু মানুষের দেহে আমৃত্যু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে পারে। খবর ইন্ডিয়া টুডের
ফাইজার বোর্ডের চেয়ারম্যান স্কট গটলিয়েব বলেন, উহানের ল্যাবরেটরি থেকে ছড়িয়ে থাকতে পারে করোনাভাইরাস। এ দাবি নাকচ করার মতো কোনো তথ্য জানায়নি চীন। অন্যদিকে টেক্সাস চিলড্রেনস হসপিটাল ফর ভ্যাকসিন ডেভেলপমেন্টের সহকারী কর্মকর্তা পিটার হটেজের আশঙ্কা, করোনার উৎস না জানতে পারলে ভবিষ্যতে আরও বড় অতিমারির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, আমরা কোভিড-১৯ সম্পর্কে সব তথ্য না পেলে কোভিড-২৬ ও কোভিড-৩২-এর মতো অতিমারি সামনের দিনে আসতে পারে।
যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থার অনুমান, স্বাভাবিকভাবে নয়, ‘উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি’ থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। ৯০ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।❏



