
কানাডার সাসকাটুনের ফোকফেস্টে বাংলাদেশ
রূপসী বাংলা ডেস্ক: সম্প্রতি সাস্কাচুয়ান প্রদেশের সাসকাটুনে অনুষ্ঠিত হল কানাডায় বসবাসকারী বহুজাতিক ও বিশ্বসংস্কৃতির প্রাণের উৎসবফোকফেস্ট ২০১৮। ৩৯ তম ফোকফেস্ট এ বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ) এর উদ্যোগে সাসকাটুন প্রবাসী বাংলাদেশীরা অষ্টমবারের মতো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলো বাংলাদেশীরা নিজেদের একান্ত নিজস্ব সংস্কৃতির বিভিন্ন উপাদান দিয়ে সাজিয়েছিল বাংলাদেশ প্যাভিলিয়ন।
১৬ আগস্ট বিকাল ৫টায় বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের পর্দা উঠে। । তারপর বিকাশের সভাপতি কামনাশীষ দেব উপস্থিত সকলকে বাংলাদেশ প্যাভেলিয়নে আমন্ত্রন জানিয়ে ফোকফেস্ট ২০১৮ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। ১৬ ও ১৭ আগস্ট (বৃহস্পতি ও শুক্রবার ) বিকেল ৫টা থেকে রাত ১২ টা এবং ১৮ আগস্ট ( শনিবার ) বিকেল ৩ টা থেকে রাত ১২ টা পর্যন্ত অনুষ্ঠান চলে। বাংলাদেশীদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসী ও বিদেশীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। তিন দিনই বাংলাদেশ প্যাভেলিয়নে ব্যাপক জনসমাগম ঘটে। অভিনয়, সঙ্গীত, নৃত্য, ফ্যাশন শো, আবৃত্তি, যন্ত্র সংগীত সহ সকল পরিবেশনাই মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেছে দর্শকবৃন্দ।

ফোকফেস্টে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন যেমন আমাদের রসনাবোধের পরিচিতি তুলে ধরে ঠিক পাশাপাশি পোশাকের বিভিন্ন দোকান আমাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে বিদেশীদের কাছে তুলে ধরে। পোশাকের দোকানগুলোতে প্রবাসীদের পাশাপাশি বিদেশী ক্রেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষকরে সাস্কাতুনে বাংলাদেশীদের প্রথম স্বয়ংসম্পূর্ন পোশাকের প্রতিষ্ঠান সানভি (SANVI)-র আত্মপ্রকাশ মেলায় আগত দর্শকবৃন্দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়। বাংলা কমিউনিটির পরিচিত মুখ তাপসী পোদ্দার বলেন -সানভি র পোশাকের সম্ভার এবং বৈচিত্র এককথায় অসাধারন।
বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ) এর সভাপতি কামনাশীষ দেব কানাডার অন্যতম বৃহৎ লোকজ উৎসবে বাংলাদেশীদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিয্য সফলভাবে তুলে ধরার জন্য স্পন্সর , ভলান্টিয়ার ও শিল্পীবৃন্দসহ সকল প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ফোকফেস্ট ২০১৮-র সমাপ্তি টানেন।



