
কাশ্মীরের রাস্তায় যুদ্ধাস্ত্র! সীমান্তে কি সত্যিই যুদ্ধের পরিস্থিতি?
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পুলওয়ামা হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে বদলা নেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। যুদ্ধের জন্য ভারত-পাকিস্তান উভয়েই হুঁশিয়ারি দিয়ে চলেছে। কোন পথে বদলা নেওয়া হবে, তা এখনও সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয়। তবে সীমান্তে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা বেশ পরিষ্কার।
সূত্রের খবর, সীমান্তের কাছে থাকা ২৭টি গ্রামে জারি করা হয়েছে গোপন নির্দেশিকা। যে কোনও মুহূর্তে গ্রাম খালি করে দিতে হতে পারে। এমন নোটিশ জারি করা হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার সীমান্তে ব্যাপক শেলিং হয়েছে। পাক সেনার শেলিং-এর জবাবও দিয়েছে ভারত। তারপরই জারি হয় এই নির্দেশ। গ্রামবাসীদের বলা হয়েছে, তারা যেন শুধুই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্কুল বা কোনও সরকারি ভবনে আশ্রয় নেয়। গত দু’দিনের শেলিং-এ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভারতে তেমন কোনও ক্ষতি হয়নি বলেও জানা গিয়েছে। তবে ভবিষ্যতে তেমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সেই কারণেই ভারতীয় সেনার তরফে এই আগাম সতর্কতা দেওয়া হয়েছে।
একদিকে যখন ভারতীয় সেনাবাহিনীর তরফে এই সতর্কতা দেওয়া হয়েছে অন্যদিকে, সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে রাস্তায় আর্টিলারি গানের মুভমেন্ট। কোনও ছবিতে দেখা যাচ্ছে ট্যাংকের মুভমেন্ট। আবার কোনও ছবিতে রয়েছে লরিতে ঢাকা ভারী কিছু সমরাস্ত্রের ছবি।
সেই ছবিগুলিতে পোস্ট করে দাবি করা হচ্ছে যে এগুলি নাকি জম্মু-কাশ্মীরের রাস্তায় দেখা গিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান সীমান্তের দিকে দ্রুত এই সমরাস্ত্র মুভমেন্ট করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। ভারতীয় সেনার তরফে দ্রুত গতিতে সেগুলি মুভমেন্ট করছে বলেও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবিতে দাবি করা হচ্ছে।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে ভয়ঙ্কর জঙ্গি হামলার পর থেকে প্রতিশোধের আগুন জ্বলছে সর্বত্র। ৪০ শহিদ সিআরপিএফের রক্ত যে বিফলে যাবে না তা কার্যত সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর তাই ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ভুগছে পাকিস্তান। রীতিমত যুদ্ধের আশঙ্কায় একের পর এক ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান। কখনও হাসপাতাল তৈরি করতে বলা থেকে শুরু করে তো আবার কখনও বাংকার বানানো। যুদ্ধের আগাম প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। পালটা ভারতের তরফ থেকেও নেওয়া হচ্ছে প্রস্তুতি। যুদ্ধের গন্ধ সর্বত্র। এরই মধ্যে এই ছবি হু হু করে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।
যদিও এই ছবি নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় সেনার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এমনকি ভাইরাল হওয়া ছবিগুলি এই সময়ের কিনা তাও যাচাই করে দেখা হয়নি। কিন্তু যুদ্ধের গন্ধ ছড়িয়ে পড়তেই ছবিগুলি মুহূর্তের মধ্যে এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে ছড়াচ্ছে। দাবি করা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতিতেই নাকি এহেন সীমান্তে অস্ত্র পাঠানোর তোড়জোড়। রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে।



