
কিরগিজস্তান-তাজিকিস্তান লড়াইয়ে প্রাণহানি বেড়ে ৮১
কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে লড়াইয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১-তে। এ ঘটনায় নতুন করে আরও আহত হয়েছেন প্রায় দেড়শ মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বার্তায় তাজাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেসামরিক নারী-শিশুসহ তাদের ৩৫ জন নিহত হয়েছেন এখন পর্যন্ত। আর কিরগিজ সরকারের তরফ থেকে বলা হচ্ছে, চলতি বছর সংঘাতে নিহত হয়েছেন তাদের ৪৬ জন।
সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে গত শুক্রবার থেকে সংঘাতে জড়ায় দুই দেশের সেনারা। কিরগিজস্তান জানায়, যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরপরই সীমান্ত এলাকা থেকে ১ লাখ ৩৬ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগেও ২০২১ সালে উভয় দেশের মধ্যে লড়াই হয়। ওই সময় প্রায় ৫০ জন প্রাণ হারান।
মধ্য এশিয়ার এ দুই দেশের মধ্যে এক হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। এই সীমান্তের এক-তৃতীয়াংশের বেশি এলাকা নিয়ে বিতর্ক চলছে বহু বছর ধরে।
দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাশিয়ার। তাই মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পাশাপাশি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে আসছে মস্কো।



