
কুকুরের মত মৃত্যু হয়েছে বাগদাদির: ট্রাম্প
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন হামলার মুখে আত্মঘাতী হয়ে নিহত হয়েছেন আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। এমন ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কুকুরের মতো মৃত্যু হয়েছে বাগদাদির।
ট্রাম্প বলেন, ‘বাগদাদি বহু নিরীহ মানুষের মৃত্যুর কারণ। আর তাকেই খতম করা হয়েছে। আর কখনও কোনো মানুষকে সে অত্যাচার করতে পারবে না। কখনও কেউ ওই মানুষটার জন্য কষ্ট পাবে না। ওকে কুকুরের মত মারা হয়েছে। একজন ভীতুর মত মারা গিয়েছে বাগদাদি।’
ট্রাম্প বলেন, চিৎকার করে কাঁদতে কাঁদতে বাগদাদি একটি সুড়ঙ্গে ঢুকে পড়েছিল। আমেরিকার সেনাবাহিনীর আক্রমণে বাগদাদির কিছু করার ছিল না বলেও জানিয়েছেন। এই কাজে সাহায্য করার জন্য ট্রাম্প রাশিয়া, তুরস্ক, সিরিয়া এবং ইরাক সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন। বিশেষভাবে সিরিয়ান কুর্দদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
হামলার পুরো দৃশ্য হোয়াইট হাউসে বসে দেখেছেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প।
২০১৪ সালে ইরাক ও সিরিয়ার খলিফা হয়ে ওঠে বাগদাদি। আর তারপর থেকে ক্রমেই বিশ্বের অন্যতম নৃশংস দল হিসেবে বাকি জঙ্গি দলগুলিকে ফেলে উপরের সারিতে উঠে এসেছিল আইএস। মার্কিন সেনাবাহিনী আইএসের ঘাঁটি ধ্বংস করলেও ধরা যায়নি বাগদাদিকে। শুধুমাত্র মধ্য এশিয়াই নয়। অন্যান্য জায়গাতেও তারা হামলা করে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে। বিগত কয়েক বছর ধরে মার্কিন সেনাদের অতি সক্রিয়তার ফলে কোণঠাসা হয়ে পড়ছিল বাগদাদি।



