আন্তর্জাতিক

কুয়েতে নতুন ‘ক্রাউন প্রিন্স’ হলেন সাবেক প্রধানমন্ত্রী আল-সাবাহ

কুয়েতে শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-মোবারক আল-সাবাহ নতুন ক্রাউন প্রিন্স নিযুক্ত হয়েছেন। দেশটির আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ শনিবার (১ জুন) তাকে এই নিয়োগ দেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর শেখ মেশাল আল-সাবাহ গত ১৬ ডিসেম্বর কুয়েতের আমির হন।

শেখ সাবাহ খালেদ আল-হামাদ অতীতে দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবিবার (২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের আমির শনিবার দেশটির নতুন ক্রাউন প্রিন্স হিসেবে শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর নাম ঘোষণা করেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। সিংহাসন গ্রহণের মাত্র ছয় মাস এবং সংসদ স্থগিত করার কয়েক সপ্তাহ পর এই সিদ্ধান্ত নিলেন কুয়েতের আমির।

এএফপি বলছে, ৭১ বছর বয়সী শেখ সাবাহ খালেদ আল-হামাদ ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত উপসাগরীয় এই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং এরপর ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।

বার্তসংস্থাটি বলছে, নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ পরে ৮৩ বছর বয়সি আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ সংসদ ভেঙে দেওয়ার পর কুয়েত গত মে মাসে নতুন করে রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত হয়। সে সময় সংবিধানের বেশ কিছু ধারাও স্থগিত করেন তিনি।

গত বছরের ডিসেম্বরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়া এই আমির এরপর দ্বিতীয় সরকারের নাম ঘোষণা করেন।

মূলত অন্যান্য উপসাগরীয় দেশগুলোর চেয়ে কুয়েতের শাসনব্যবস্থা কিছুটা ভিন্ন। কুয়েতের একটি প্রভাবশালী পার্লামেন্ট রয়েছে, যদিও দেশটিতে বেশির ভাগ ক্ষমতাই থাকে রাজপরিবারের কাছে। আইন প্রণেতাদের হাতে ক্ষমতা থাকলেও সরকারের সঙ্গে তাদের নিয়মিতভাবেই মতবিরোধ সৃষ্টি হয় এবং এর জেরে বারবারই দেশটিতে সংকট দেখা দেয়। মূলত কুয়েতের আইনসভা অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের দেশগুলোর আইনসভা বা অনুরূপ সংস্থাগুলোর চেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকে এবং কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে এর আগেও মন্ত্রিসভায় রদবদল এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension