খেলা

কোহলি ০, বুমরাহ ১

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : উনিশের আইপিএল প্রোমোর দ্বিতীয়টা মনে আছে?

বুমরাহের মুখে সেই ডায়লগ! বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলির উইকেট নেওয়া এখনও বাকি রয়েছে৷ তারপরই কোহলিকে সাবধান বাণী শুনিয়ে জসপ্রীতের সেই সতর্কবার্তা, চিকু ভাইয়া আমার বোলিং থেকে সাবধান!

কথায় নয়, কাজেও করে দেখালেন বুমরাহ৷ বৃহস্পতিবার কাপ্তান কোহলির মহামূল্যবান উইকেট তুলে নিয়ে আইপিএলের ‘বেস্ট বনাম বেস্ট’-এর লড়াইয়ে বিরাটের থেকে এক পয়েন্টে এগিয়ে গেলেন বুমরাহ৷

আরসিবি’র ঘরের মাঠে চিন্নাস্বামীতে কোহলির বিরুদ্ধে শুরুটা অবশ্য একেবারেই ছন্দে করতে পারেননি ভারতের তারকা পেসার৷  বুমরাহের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে প্রথম বলটিতে রান না পেলেও পরের তিন বলেই টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়ে(চতুর্থ ওভারে) লড়াই জমিয়ে দিয়েছিলেন কোহলি৷

সেই লড়াইয়ের শেষটায় বিরাটকে ৪৬ রানের মাথায় সাজঘরে ফিরিয়ে চরম প্রতিশোধ নেন জসপ্রীত৷ সেটাও তুখোড় ক্রিকেটবুদ্ধিতে৷ বিরাটকে শর্ট বলে কুপোকাত করেন মুম্বই ইন্ডিয়ান্সের ইয়র্কার স্পেশালিস্ট৷ বুমরাহের বল পড়তে ভুল করেন ভিকে৷ শর্ট বলে পুল মারতে গিয়ে মিড উইকেটের পাতা ফাঁদে হার্দিকের হাতে জমা পড়েন আরসিবি কাপ্তান৷ উনিশের আইপিএলের প্রথম মুখোমুখি লড়াইয়ে দিনের শেষে কোহলি ০, বুমরাহ ১৷

শুধু কোহলিই নয়, বুমরাহের শিকারের তালিকা দীর্ঘ৷ ম্যাচে মোট তিনটি উইকেট তুলে নেন জসপ্রীত৷ তিনটেই মোক্ষম সময়ে৷ ১৪ তম ওভারে বুমরাহের শিকার হয়ে ফেরেন কোহলি৷ আরসিবি’র স্কোরবোর্ডে তখন ১১৬ রানে তিন উইকেট৷ কোহলিকে সেসময় না ফেরালে মুম্বইয়ে জয় কঠিন ছিল, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না৷

পরে ১৭ ওভারের প্রথম বলেই বিধ্বংসী হিটমায়েরকে ৫ রানে আউট করেন বুম বুম৷ ঐ ওভারে মাত্র ১ রান খরচ করেন বুমরাহ৷ আর ১৯ তম ওভারে মাত্র ৫ রান খরচ করে গ্র্যান্ডহোমের দামি উইকেট তুলে নেন৷ অর্থাৎ ডেথ ওভার সিচুয়েশনে দু’ওভারে বুমরাহের খরচ মাত্র ৬ রান৷ দিনের শেষে নির্ধারিত ৪ ওভার হাত ঘুরিয়ে ২০ রান খরচ করে বুমরাহের ঝুলিতে ৩ উইকেট৷ যার সুবাদে থ্রিলার ম্যাচে আরসিবি’কে ৬ রানে হারিয়ে মরশুমের প্রথম জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension