
কোটা আন্দোলনকারীদের নিপীড়ন বন্ধের আহ্বান কানাডা পিডিআই এর
রূপসী বাংলা ডেস্ক:কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করেছে তাদের নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে কানাডাভিত্তিক প্রবাসী সংগঠন ‘প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ’ (পিডিআই)। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে আন্দোলনকারীদের দাবি পূরণেরও আহ্বান জানানো হয়েছে।
টরন্টোর ২৮৮৩ ড্যানফোর্থ অ্যাভিনিউয়ের নিচতলায় গত ৮ জুলাই স্থানীয় সময় বিকেলে পিডিআই এর নিজস্ব কার্যালয়ে এ নিয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে কোটা সংস্কার আন্দোলনকে ‘যৌক্তিক ও স্বতস্ফূর্ত’ দাবি করে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার ও দমন-নিপীড়ন বন্ধের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।
পিডিআই কানাডার যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে’র সভাপতিত্বে সভায় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘মুক্তিযোদ্ধা পরিবারের পোষ্য, প্রতিবন্ধী, নারী, আদিবাসী ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য যুক্তিসংগত ও সুনির্দিষ্ট সুযোগ রেখে কোটা পদ্ধতি সংস্কার করা প্রয়োজন’।
সভায় বক্তব্য দেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক, ডাকসুর প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ দুজা, পিডিআই সংগঠক অর্থনীতিবিদ আজিজুল হক, প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা সৌমেন সাহা, লেখক ফারহানা আজিম শিউলী, পিডিআই সদস্য রওশন জাহান উর্মি, পিডিআই সদস্য কাজী জহির, শিল্পী শেখর গোমেজ, পিডিআই সদস্য আতাউর রহমান, উদীচী কর্মী মিনারা বেগম, পিডিআই সদস্য মনোরঞ্জন তালুকদার, পিডিআই সদস্য মাশুক মিয়া, পিডিআই সদস্য মো. শাহীন হাসান ও পিডিআই সমন্বয়ক মাহাবুব আলম।



