নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

কোরান শরিফ হাতে, টুপি পরে মেয়র অ্যাডামসের মসজিদ উদ্বোধন

বাংলাদেশি মুসলমানদের আল্লাহু আকবর ধ্বনির মধ্য দিয়ে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ইস্ট এলমাহার্স্টের আবু হুরায়রা মসজিদের নতুন ভবন উদ্বোধন করেছেন। কংগ্রেসউওম্যান গ্রেস ম্যাং, ডিসট্রিক্ট অ্যাটর্নি ম্যালিন্ডা কার্টজ, এসেম্বলি উওম্যান জেনিফার রাজকুমার সহ গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গদের পাশে নিয়ে মেয়র অ্যাডামস বলেছেন, পবিত্র কোরানের মর্মবাণী আমাদের অনুসরণ করে সমাজের কাজে এর প্রয়োগ করতে হবে।

১৮ মার্চ শনিবার দুপুরে মসজিদের নবনির্মিত ভবনের সামনে মেয়র এরিখ অ্যাডামস দাঁড়ালে তাঁকে মসজিদ আবু হুরায়রার ট্রাস্টি এবং ডেমোক্র্যাট দলের ডিসট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী স্বাগত জানান। মেয়র অ্যাডামসকে একটি টুপি পরিয়ে দেয়া হয় এবং অতিথিদের হাতে তিনি একটি করে পবিত্র কোরান শরিফ উঠিয়ে দেন। এসময় উপস্থিত বাংলাদেশি মুসলমানরা নারায়ে তাকবীর-আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকেন।

মেয়র এরিক অ্যাডামস বলেন, আমি নিউইয়র্কের প্রথম মেয়র যে শুধু কোন মসজিদই উদ্বোধন করছি না। আমিই প্রথম মেয়র যে টুপি পরে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তিনি বলেন, শুধু ধর্মের প্রতি নিবেদিত হলেই আল্লাহকে পাওয়া যায় না। তিনি বলেন, আমরা যা করার তা করছি না। যুব সম্প্রদায় সহিংসতায় লিপ্ত হচ্ছে , গুলাগুলি করছে। এসবের অবসানে ধর্মের বাণী বুকে ধারণ করে সবাইকে সমাজের কাজ করার জন্য তিনি আহ্বান জানান। মেয়র অ্যাডামস, নিউইয়র্ক সিটির স্কুলে হালাল খাবার পরিবেশন করার জন্য তাঁর উদ্যোগের কথা জানান। উপস্থিত জনতা মুহুর্মুহু করতালি দিয়ে মেয়র অ্যাডামসকে স্বাগত জানাতে দেখা যায়।

নতুন ভবনের উদ্বোধনী সভায় কংগ্রেসউওম্যান গ্রেস ম্যাং বলেন, মার্কিন সমাজে বিদ্বেষের কোন স্থান নেই। বহু জনমিশ্রণের দেশে মুসলমানরা একটি শক্তশালী জনগোষ্ঠী বলে তিনি উল্লেখ করেন। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম ব্যান্ড পদক্ষেপের বিরুদ্ধে কংগ্রেসে প্রথম আইন প্রস্থান উত্থাপনের কথা স্মরণ করিয়ে দেন। গ্রেস ম্যাং বলেন, জ্যাকসন হাইটসের আবু হুরায়রা মসজিদ শুধু একটি ধর্মীয় উপসানালয়ই নয়, এটি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটি স্থাপনা।

ডিসট্রিক্ট অ্যাটর্নি ম্যালিন্ডা কার্টেজ বলেন, নিউইয়র্কের কুইন্সে বাংলাদেশিরা জনসমাজের গুরুত্বপূর্ণ অংশ। তিনি বাংলাদেশিদের কারণে মাতৃভাষা দিবস পালন করা হয় এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস কুইনসে ব্যাপকভাবে পালন করা হবে বলে জানান।

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত প্রথম দক্ষিণ এশীয় এসেম্বলিউওম্যান জেনিফার রাজকুমার বলেন তিনি প্রতিদিন দক্ষিণ এশীয়দের জন্য লড়াই করে যাচ্ছেন। আসছে রমজানে মসজিদে খেজুর ও পানি সরবরাহ করতে তিনি উপস্থিত থাকবেন বলে জানান। জেনিফার রাজকুমার বলেন, তাঁর উদ্যোগেই আসছে ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতা দিবস উপলক্ষে স্টেট আইনসভায় প্রস্তাব গ্রহণ করা হবে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হবে।

ভবন নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান গৌরাঙ্গ কুণ্ড বলেন, আবু হুরায়রা মসজিদের নির্মাণ কাজে যুক্ত থাকতে পারাটা তাঁর ব্যবসায়ী ও পেশাগত জীবনের মাইলফলক। তাঁর প্রতি আস্থা রাখার জন্য তিনি মসজিদ কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

মেয়র এরিক অ্যাডামস ফিতা কেটে মসজিদের উদ্বোধন ঘোষণা করেন। এসময় মসজিদ কমিটির প্রেসিডেন্ট রৌফ রশিদ, সেক্রেটারি নবী হোসেইন,মতয়াল্লি মোহাম্মদ জুবেদুর রহমান জুবের, সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কর্মকর্তা মীর বাশার, মুসল্লি ও কমিউনিটি সংগঠক শমশের আলী, বশীর উদ্দিন উপস্থিত ছিলেন।

মসজিদের মোতয়াল্লি মোহাম্মদ জুবেদুর রহমান জুবের প্রথম আলো উত্তর আমেরিকাকে দেয়া বক্তব্যে বলেন, সবার সহযোগিতায় আবু হুরায়রা মসজিদের নান্দনিক ভবনটি নিউইয়র্কে বাংলাদেশি মুসলমানদের একটি উল্লেখযোগ্য স্থাপনা হিসেবে চিহ্নিত হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension