প্রধান খবরবাংলাদেশ

ক্ষমতাসীনরা দেশে জুলুমের শাসন চালিয়ে যাচ্ছে: ফখরুল

রূপসী বাংলা নিউজ ডেস্ক: বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশে জুলুমের শাসন চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।

‌গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি রবিউল আউয়ালকে মিরপুর-২ থেকে গ্রেপ্তার করেছে শাহআলী থানা পুলিশ। সকল মামলায় জামিনে থাকা সত্বেও রবিউল আউয়ালকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশে জুলুমের শাসন চালিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অগণতান্ত্রিক পন্থায় জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশ শাসনের ফলে বর্তমান ভোটারবিহীন সরকারের কবল থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে ধারাবাহিকভাবে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, অপহরণ, গুপ্তহত্যা, বিচার বহির্ভূত হত্যা ও নির্দয়ভাবে গুম করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় বিএনপি আউয়ালকে গ্রেপ্তার করেছে অবৈধ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, অমানবিক গ্রেপ্তার, গুম ও খুন সরকার নিত্যদিনের ঘটনায় পরিণত করেছে। বর্তমানে সারাদেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে। গত ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীন গোষ্ঠী জনগণকে ভীত সন্ত্রস্ত রেখে তাদের নিষ্ঠুর শাসন বলবৎ রাখতেই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে ভয়ঙ্কর কর্মকাণ্ড চলমান রেখেছে। কিন্তু বর্তমান আওয়ামী সরকার ভুলে গেছে যে, যুগে যুগে নিষ্ঠুর স্বৈরাচারদের ভাগ্যে কি পরিণতি ঘটেছে।

মির্জা ফখরুল অবিলম্বে রবিউল আউয়ালের সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension