
খাগোসির ‘লাশবাহী’ ভ্যান খুঁজছে তুরস্ক
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি কর্তৃপক্ষ এখন নিখোঁজ সৌদি সাংবাদিক জামাল খাশোগির লাশবাহী কালো ভ্যান খুঁজছে। কেননা তাদের ধারণা, ওই গাড়িতে করেই খাশোগির মরদেহ ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট থেকে বের করে আনা হয়েছিল। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
এর আগে ওই সাংবাদিককে কনস্যুলেটের অভ্যন্তরে খুন করা হয়েছে বলে মন্তব্য করেছিলেন এক তুর্কি কর্মকর্তা। নিজেদের এই বক্তব্যের সপক্ষে এবার প্রমাণ খুঁজতে নেমেছে সে দেশের তদন্তকারীরা।
তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার দিন ছয়টি গাড়ির বহরে একটি গাড়িতে সৌদি হিট স্কোয়াড ছিল, এরাই সাংবাদিককে হত্যা করেছে।তুর্কি কর্মকর্তারা জানান, ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে খাশোগি প্রবেশের মাত্র দুই ঘণ্টা পর ছয়টি গাড়ির একটি বহর বের হয় ভবন থেকে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে বহরের একটি কালো ভ্যানে বক্স তোলা হচ্ছে। এই গাড়িটির কূটনৈতিক নাম্বার প্লেট রয়েছে। কনস্যুলেট ভবন থেকে বের হয়ে বহরের তিনটি গাড়ি বামদিকে মোড় নেয় এবং তিনটি গাড়ি ডান দিকে চলতে থাকে।
তদন্তকারীরা বলছেন, বহরের একটি গাড়ি, কালো গ্লাস লাগানো ভ্যান তাদের তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং ভ্যানটিকে কাছের একটি সড়কে শনাক্ত করা হয়েছে।
গত মঙ্গলবার (২ অক্টোবর) খাশোগি প্রয়োজনীয় কাগজপত্র আনতে তুরস্কের ইস্তাম্বুল কন্স্যুলেটে যান এবং এরপর তিনি আর ফিরে আসেন নি। তার নিখোঁজের ঘটনায় সৌদি আরবকে দায়ী করেছে তুরস্ক।
রবিবার প্রেসিডেন্ট এরদোয়ানের একজন উপদেষ্টা সাংবাদিক খাশোগিকে সৌদি কন্স্যুলেটের ভেতরে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন।
জবাবে সৌদি কনস্যুলেটের কর্মকর্তারা দাবি করেন, তাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পরই নিখোঁজ হন খাশোগি। এতে চটেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি সৌদি কর্মকর্তাদের এই দাবির প্রমাণ চেয়েছেন।
এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ ঘটনার ‘একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ করার আহ্বান জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।



