
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদন্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর আগামীকাল মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। এ মামলার আপিলের ওপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ রায়ের জন্য মঙ্গলবার দিন ঠিক করে দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে খালেদা জিয়া এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। এরপর থেকে হাইকোর্টের এ বেঞ্চে আপিল শুনানি চলছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে আপিলটি নিষ্পত্তির নির্দেশনা রয়েছে। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আজ খালেদা জিয়াকে ৭ বছরের সাজা দিয়েছেন আদালত।



