
খাশোগি হত্যার পরও সৌদির পক্ষে ট্রাম্প
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: সাংবাদিক জামাল খাশোগির হত্যার ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের নিন্দা সত্ত্বেও রিয়াদ সরকারের মিত্রতার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি আরবকে ‘নিরাপদ অংশীদার’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘দেশটি যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ অর্থ বিনিয়োগ’ করতে সম্মত হয়েছে।
এ সময় খাশোগির খুনের বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘পুরোপুরি জ্ঞাত’ থাকতে পারেন বলেও জানিয়েছেন ট্রাম্প। তারপরও ট্রাম্প বলেন, ‘যাই হউক সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকবে।’
গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে তালাক সংক্রান্ত কাগজপত্র আনতে গিয়ে নিহত হন খাশোগি। এই হত্যায় সৌদি যুবরাজ জড়িত আছেন বলে শুরু থেকেই অভিযোগ উঠেছে।
সৌদি সরকার এই হত্যার দায় স্বীকার করলেও যুবরাজের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে দিয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত তথ্য প্রমাণ যাচাই করার পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বলেছে, যুবরাজের নির্দেশেই খাশোগিকে খুন করা হয়েছে।
এ সম্পর্কে ট্রাম্প মঙ্গলবারের বিবৃতিতে বলেন, ‘হতে পারে সৌদি যুবরাজ এই মর্মান্তিক ঘটনাটি জানতেন, কিংবা জানতেন না।’
সিআইএ’র বিবৃতি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবারে দেয়া বিবৃতিতে তিনি বলেন, ‘সিআইএ এই হত্যাকাণ্ড সম্পর্কে ১০০% নিশ্চিত নয়।’
এর আগে গত রোববার ট্রাম্প ফক্স নিউজকে বলেন, তিনি খাশোগির হত্যার প্রমাণ হিসেবে তুরস্কের দেয়া অডিও টেপ শুনতে রাজি হননি। কেননা তার ভাষায় এটি ছিলো ‘একটি যন্ত্রণাদায়ক টেপ’।
সূত্র: বিবিসি



