
সবার অধিকার আছে এদিক থেকে ওদিকে যাওয়া এবং আসার: কাদের
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ ২১ নভেম্বর বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন সংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সবুজ সংকেত’ পেলে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগ অভিমুখে যাত্রা করবে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এখনও ক্লিয়ারেন্স পাই নি। অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যদি নেত্রীর (শেখ হাসিনা) ক্লিয়ারেন্স পাই, একটু ইঙ্গিত, ক্লিয়ারেন্স কিংবা সবুজ সংকেত দিলে সারাদেশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর যে স্রোতধারা তা আওয়ামী লীগ অভিমুখে যাত্রা করবে। সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা কখন চিন্তাও করতে পারে নি।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ড. কামাল হোসেন, সুলতান মনসুর, মান্না- উনারা তো আওয়ামী লীগ ছিল, তারা ওপাশে গিয়েছে তো। সবার অধিকার আছে এদিক থেকে ওদিকে যাওয়া এবং আসার। নির্বাচনকালে এরকম দৃশ্যপট নতুন নয়।’
আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আসন বন্টন চূড়ান্ত হয় নি। অলরেডি আমরা মৌখিকভাবে ১৪ দল এবং জাতীয় পার্টি এ ব্যাপারে কথা বলেছি।’ তিনি জানান, মনোনয়ন কাজ এগিয়ে যাচ্ছে, আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে। কিছু প্রস্তুতি আছে,তালিকা তৈরির কাজ শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।’
নির্বাচন কমিশনে বিএনপির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিযোগ আর নালিশ বিএনপির পুরনো অভ্যাস।নির্বাচনে জেতার শতভাগ গ্যারান্টি না দিলে তারা এমন অভিযোগ করতেই থাকবে। আরও নতুন নাটকের চমক আপনার দেখতে পারবেন।’
ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।



