আন্তর্জাতিক

‘খেরসনে ৯ মে উদযাপনে প্রস্তুত রুশ বাহিনী’

ইউক্রেনের দখলকৃত খেরসনে ঐতিহাসিক ৯ মে উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। সেখানকার আঞ্চলিক কাউন্সিলের চেয়ারম্যান ওলেক্সান্ডার সামোয়লেনকোর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

৯ মে রাশিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনটিকে রাশিয়া ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে। আর এই দিনেই পুরো বিশ্বের সামনে নিজেদের শক্তি প্রদর্শন করে তারা। প্রসঙ্গত, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৯ মে হিটলারের নাৎসি সেনাদের পরাজিত করেছিল সোভিয়েত ইউনিয়ন বাহিনী। আর সেই থেকেই এই দিনটিকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে মস্কো।

ওলেক্সান্ডার সামোয়লেনকো কিয়েভের বার্তা সংস্থা ইউনিয়ানকে বলেন, খেরসনের নাগরিকদের তারা ‘স্লোগান, গান, নাচের তালিম’ দিচ্ছেন। তবে ওই দিনটির জন্য তাদের ক্রিমিয়া বা অন্য কোনো অঞ্চল থেকে অভিনেতা ভাড়া করতে হবে। খেরসন অভিনেতারা এই ফ্যান্টাসম্যাগরিতে অংশ নিতে রাজি নন বলেও জানান তিনি।

খেরসনের শহরাঞ্চলের পরিস্থিতি ‘কম বেশি শান্ত রয়েছে’ বলে দাবি করে ওলেক্সান্ডার সামোয়লেনকো বলেন, ওই অঞ্চলের অন্যান্য অংশের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয়।
২৬ এপ্রিল খেরসন অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে রাশিয়া। পূর্বে ক্রিমিয়া উপদ্বীপ এবং রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী খেরাসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

আঞ্চলিক সদর দফতরের নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়া খেরাসনে নতুন মেয়র নিয়োগ দিয়েছে বলে সেখানকার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর এই প্রথম বড় শহর দখলে নেয় রাশিয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension