
খেলা ঘুরিয়ে মহারাষ্ট্রে ফের মুখ্যমন্ত্রী বিজেপির ফডণবীস
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: নানা নাটকীয়তার পর অবশেষে মহারাষ্ট্রে সরকার গঠন করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। শনিবার সকালে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস। আর উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এনসিপি-র অজিত পওয়ার। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন ফডনবীস।
শপথ নেয়ার পর দেবেন্দ্র ফডণবীস বলেছেন, ‘বিজেপি মহারাষ্ট্রের মানুষদের স্থায়ী সরকার দিতে চায়। শিবসেনা জনরায় মেনে নেয়নি। সরকার গঠনে সাহায্য করার জন্য এনসিপি-কে অনেক ধন্যবাদ।’
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য দেবেন্দ্র ফডণবীস ও অজিত পাওয়ারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক টুইট বার্তায় তিনি বলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য দেবেন্দ্র ফডনবীস জি ও অজিত পওয়ার জিকে অভিনন্দন। মহারাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা কাজ করবেন বলে আমি আত্মবিশ্বাসী।’
সরকার গঠন নিয়ে বিজেপির সঙ্গে বিরোধ বাঁধে দীর্ঘদিনের শরিক শিবসেনার। কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল মহারাষ্ট্রে। তবে মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বকে অভয় দিয়ে আসছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।
দীর্ঘ দর–কষাকষির পর শিবসেনা, এনসিপি ও কংগ্রেস মিলে এখানে সরকার গঠন করবে বলে নয়া জোটের তরফে জানানো হয়। তবে সবাইকে অবাক করে শেষ পর্যন্ত জোট বাঁধল বিজেপি ও এনসিপি। আর এভাবেই অমিতের চালে মহারাষ্ট্রে ক্ষমতার মসনদ থেকে ছিটকে গেলো বিজেপির দীর্ঘ দিনের মিত্র শিবসেনা।
সূত্র: আনন্দবাজার



