
জসীম উদ্দীন মুহম্মদ
রাত্রির বুক চিরে উঠে আসে একটা শূন্য পায়ের জুতো
তার পাশে বালুতে আঁকা ছিলো—মায়ের শেষ নিঃশ্বাস।
রঙহীন শিশুরা আর কাঁদে না
তাদের চোখে বুলিয়ে দেয় ধ্বংসস্তূপের নীলছবি।
ধোঁয়ার ভেতর লুকিয়ে থাকেন যিনি
তিনিও আজ কাঁদেন না, হাসেনও না—শুধু নিঃশব্দে
ঘুমন্ত গ্রহে পেরেক ঠোকে সাত সমুদ্র চিৎকার।
একজন মৃত কবি এসে বলে গেলেন, “আমার ছন্দ নষ্ট
হয়ে গেছে, কারণ ব্যাকরণে ‘গণহত্যা’র প্রতিশব্দ নেই!”
সামনের গলি দিয়ে হেঁটে যাচ্ছিল একটি মৃত মুরগি
তার চোখেও সেই একই মহাবিস্ফোরণের প্রতিচ্ছবি
আর আমি কবি, পাথরে খোদাই করি একটি নাম
“জীবিতদের পক্ষেই কেবল শান্তি সংরক্ষিত নয়।”
নির্বাক শিশুরা এখন শব্দের ওপারে খেলে বারুদের
বাবল দিয়ে, তারা পৃথিবীর কাছে জবাব চায়…
তবে পৃথিবী জবাব দেয় না, শুধু ফেসবুকে হ্যাশট্যাগ তোলে!
আজ ঘড়ির কাঁটায় সময় নেই… সেও তারস্বরে চিৎকার
করে বলে—”আমিও লজ্জিত!”
তবে কি আকাশ একেকটি ড্রোন, বোমার মায়ের গর্ভ?
যেখান থেকে জন্ম নেয় আগুন,
আর প্রতিটি আগুনে পুড়ে যায়—মানবতার মুখোশ।
কী জানি? তবু আমি কবিতা লিখি এক বুঁজদিল কবি
ছাইভস্ম থেকে তুলে আনি কিছু শব্দের হৃদস্পন্দন
যতদিন না নক্ষত্রেরা স্বপ্ন দেখে হায়েনাদের লাশের সারি
একটা পূর্ণবয়স্ক শিশু হাসছে, গাজার রক্তমাখা উঠোন!



