গ্রিনল্যান্ডে রেকর্ড পরিমাণ বরফ গলেছে
গ্রিনল্যান্ডে বরফ গলার নতুন রেকর্ড হয়েছে। ২০১৯ সালে গ্রিনল্যান্ডে গলেছে ৫৩২ গিগাটন বরফ, যা চলতি শতকের সর্বোচ্চ। এর জেরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে ১ দশমিক ৫ মিলিমিটার। এই ধারাবাহিকতা বজায় থাকলে কয়েক দশকের মধ্যেই ডুববে একাধিক দেশ ও অঞ্চল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিজ্ঞানীদের হাতে যে তথ্য এসেছে তাতে বিশ্বের একাধিক অঞ্চল ডুবে যাওয়ার বিষয়টি অবান্তর নয়। বিজ্ঞানীরা বলছেন, ২০১৯ সালে গ্রিনল্যান্ডে বরফ গলার যে তথ্য তাদের হাতে এসেছে তা ভয়ানক। বিষয়টি নিয়ে অবশ্য আগেই ধারণা দিয়েছিলেন তারা। গ্রিনল্যান্ডের বরফ যে দ্রুত গলতে শুরু করেছে তা গত বছরই বোঝা গিয়েছিল দুটি ছবি দেখে। একটিতে দেখা যায় বিশাল বরফের দেয়াল বা হিমবাহ ভেঙে পড়ছে, অন্যটিতে গলা বরফের ওপর দিয়ে স্লেজ টানছে একদল কুকুর।
বিজ্ঞানীদের বক্তব্য, এই শতকে ২০১২ সালে সবচেয়ে বেশী বরফ গলেছিল গ্রিনল্যান্ডে। ২০১৯ সালে সেই রেকর্ডও ভেঙে গিয়েছে। শুধু মাত্র ২০১৯ সালেই ৫৩২ গিগাটন বরফ গলেছে গ্রিনল্যান্ডে। এই হারে বরফ গলতে থাকলে গোটা বিশ্ব ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

তবে তারা এও বলছেন, প্রতি বছর একই হারে বরফ গলছে না। ২০১৬ সালে যে হারে বরফ গলেছিল, ২০১৭ এবং ২০১৮ সালে সেই হারে বরফ গলেনি। তাদের ভাষ্য, এক বছর, দুই বছর পরপর একবার করে উষ্ণপ্রবাহ আসে গ্রিনল্যান্ডে। সে সময় বায়ুর চাপও বেড়ে যায় কয়েক গুণ। তারই জেরে এই পরিমাণ বরফ গলতে থাকে। ২০২০ সালের একটি প্রাথমিক রিপোর্ট বিজ্ঞানীদের হাতে এসেছে। তাতে এখনও পর্যন্ত উদ্বেগজনক বরফ গলার কোনও চিত্র পাওয়া যায় নি।
গ্রিনল্যান্ডে একেকটি বরফের চাদর দুই থেকে তিন কিলোমিটার পুরু। ২০১৯ সালে তেমনই কিছু বরফের চাদর বিপুল পরিমাণে গলে গিয়েছে। বিজ্ঞানীরা এখন বোঝার চেষ্টা করছেন, কতদিন পরপর গ্রিনল্যান্ডে উষ্ণপ্রবাহ আসতে পারে।
সেই হিসাব অনুযায়ী বরফ গলতে থাকলে বছরে কত শতাংশ করে সমুদ্রের জল বৃদ্ধি পেতে পারে। আরও একটি বিষয়ে শতর্ক করেছেন বিজ্ঞানীরা। তাদের বক্তব্য, উষ্ণায়ন একটি প্রাকৃতিক ঘটনা। কিন্তু দূষণ তার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। দ্রুত কার্বন ফুটপ্রিন্ট কমাতে না পারলে প্রকৃতি আরও ভয়াবহ আচরণ করবে। তখন আর কিছু সামলানো যাবে না।❐



