বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে অসত্য বলে দাবি করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপিকে ধ্বংস করার সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের জন্যই ২১ আগস্ট সংক্রান্ত মামলায় বিএনপিকে জড়ানো হয়েছে। তিনি খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকারের অসৎ উদ্দেশ্য এখনও চলমান। আইন ও বিচারিক প্রক্রিয়াকে হাতের মুঠোয় নিয়ে তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দকে জড়াতে সম্পূরক চার্জশিট তৈরি করার মাধ্যমে প্রহসনের বিচারিক প্রক্রিয়ায় সাজা দিয়ে এখন খালেদা জিয়াকে টার্গেট করা হয়েছে। ২১ আগস্ট নিয়ে তার বিরুদ্ধে বিষোদ্গার করছেন প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতারা। এই মামলায় কোনওভাবেই খালেদা জিয়াকে নিয়ে কেউ টুঁ শব্দটি করে নি।
মির্জা ফখরুল বলেন, ওয়ান ইলেভেন সরকারের সময় গঠিত তদন্ত কমিটির অভিযোগপত্রে গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের জড়িত থাকার কোনও উল্লেখ নেই। খালেদা জিয়ার নাম কেউ কখনওই উচ্চারণ করে নি। ২০০৯ সালে বর্তমান সরকারের আমলে পুলিশি পুনঃতদন্তের মাধ্যমে রচিত সম্পূরক চার্জশিটে তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতার নাম জড়ানো হয়।❐



