
গ্রেফতারের ভয়ে আদালতেই পাকিস্তানের তথ্যমন্ত্রীর প্রাণপণ দৌড়
পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী পুলিশকে এগিয়ে আসতে দেখেই গাড়ি থেকে নেমে প্রাণপণ দৌড়ে আদালতে ঢুকে পড়েন তিনি। এই দৃশ্য এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা যায়, গত সপ্তাহে ইমরান খানের গ্রেফতারের পর তার দলের সমর্থকদের সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরীকে। তার বিরুদ্ধে জননিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। ওই মামলায় খালাস চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন এ পিটিআই নেতা। মঙ্গলবার (১৬ মে) ছিল তার শুনানি।
এদিন বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব আবেদনের শুনানির পর ফাওয়াদের মুক্তির আদেশ দেন। তার আগে কোনো ধরনের সহিংস প্রতিবাদে অংশ নেবেন না বা উসকানি দেবেন না মর্মে অঙ্গীকার করেন সাবেক মন্ত্রী। তবে আদালতের লিখিত আদেশ জারির অপেক্ষা না করেই বেরিয়ে যান ‘আত্মবিশ্বাসী’ ফাওয়াদ চৌধুরী।
এরপরই দেখা যায় সেই ঘটনা। আদালত থেকে বেরিয়ে সাদা এসইউভিতে উঠে বসেছিলেন পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী। একটু পরেই বুঝতে পারেন, পুলিশ সদস্যরা তার দিকে এগিয়ে আসছেন। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ভো দৌড়। এক দৌড়ে আবারও আদালতের মধ্যে ঢুকে পড়েন তিনি।
টিভি ফুটেজে দেখা যায়, ফাওয়াদ চৌধুরী গাড়ি থেকে বেরিয়ে আদালত ভবনের প্রবেশপথের দিকে ছুটছেন। একজন আইনজীবী তাকে সাহায্য করতে এলে তাকে ক্রমাগত হাঁপাতে দেখা যায়। পেছনে একজনকে বলতে শোনা যায়, ‘তার জন্য পানি আনুন’। আরেকটি কণ্ঠস্বর বলে ওঠে, ‘অজ্ঞান হয়ে পড়ছেন’।
Watch the moment an aide to former Pakistan Prime Minister Imran Khan tried to run away from police coming to re-arrest him.
Fawad Chaudhry was one of a number of PTI leaders detained in recent days and had only just been freed by a court when police approached him outside ⤵️ pic.twitter.com/lJHOqBAs8D
— Al Jazeera English (@AJEnglish) May 16, 2023



