
চলতি মাসেই প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ফেব্রুয়ারি মাসের মধ্যেই দলের প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস৷ শনিবার সমস্ত প্রদেশ সভাপতিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷বিশেষ সূত্রে এখবর জানা গিয়েছে৷
লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির আগে সব রাজ্যের প্রদেশ সভাপতি ও বিরোধী দলনেতাকে শনিবার দিল্লিতে তলব করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।কোন রাজ্যের নেতারা জোট চাইছেন আর কোন রাজ্যে দল একলা লড়তে চাইছে, এই সব কিছুই আলোচনা মাধ্যমে বুঝে নিতে চেয়েছিলেন তিনি৷পশ্চিমবঙ্গ থেকে প্রদেশ সভাপতি সোমেন মিত্র ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান গিয়েছিলেন৷সূত্রের খবর, বুথ ম্যানেজমেন্ট এবং প্রচার পদ্ধতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে৷ জানা গিয়েছে, রাহুল গান্ধী চাইছেন, কংগ্রেস আক্রমণত্মক প্রচার করুক৷ দলীয় নেতাদের তিনি সেই নির্দেশ দিয়েছেন৷সেইসঙ্গে তিনি প্রদেশ সভাপতিদের জানিয়ে দিয়েছেন, এমাসের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে হবে৷
পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতার কথায় বোঝা যাচ্ছে, এমাসের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা তাদের পক্ষে খানিকটা অসম্ভবই৷ কারণ এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে সিপিএমের জোটের ভবিষ্যত ঠিক হয়নি৷ এদিনই প্রদেশ সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন, জোটের ভবিষ্যত ঠিক হতে আরও দিন সাতেক সময় লাগবে৷ তারপর কোন কোন আসন সিপিএম তাদের ছাড়ছে সেটা দেখে প্রার্থী ঠিক করা হবে বলে প্রদেশ নেতারা মনে করছেন৷
যেমন রায়গঞ্জ আসনটি দু-দলের মধ্যে টানাটানি হচ্ছে বলে খবর৷ কংগ্রেস এবার ওই আসন থেকে দীপা দাশমুন্সিকে প্রার্থী করতে চাইছে৷ এদিকে যেহেতু বামেরা গতবার রায়গঞ্জ কেন্দ্রে জিতেছিল তাই এবারও তারা সেখান থেকে মহঃ সেলিমকেই প্রার্থী করতে চাই৷ বিধানভবন সূত্রে খবর, এক্ষেত্রে কংগ্রেস রায়গঞ্জের বদলে মুর্শিদাবাদের কোনও একটা নিশ্চিত আসন ছাড়ার প্রস্তাব বামেদের দিতে পারে৷ তবে সিপিএম সেটা কতটা মানবে তা নিয়ে দলের অন্দরেই সন্দেহ রয়েছে৷ প্রদেশ নেতারা মনে করছেন, রাহুল গান্ধী ফেব্রুয়ারির শেষে টার্গেট দিলেও প্রার্থী তালিকা ঘোষণা করতে করতে মার্চের প্রথম সপ্তাহ গড়িয়ে যাবে৷



