
চেন্নাইয়ে আইপিএলের ম্যাচ বয়কটের দাবি সমর্থন রজনীকান্তের
রূপসী বাংলা ডেস্ক:কাবেরী ইস্যুতে চেন্নাইয়ে আইপিএলের ম্যাচে নিষেধাজ্ঞার দাবি সমর্থন রজনীকান্তের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকার কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠনে দেরি করছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ চলছে তামিলনাড়ুতে। দাবি উঠেছে চেন্নাইয়ে আইপিএলের ম্যাচগুলি বয়কট করা হোক। এই পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচ হওয়া অনভিপ্রেত বলে অভিমত তামিল ছবির সুপারস্টারের। চেন্নাই সুপার কিংস (সিএসকে) টিমের রাজ্যবাসীর হয়ে লড়াই করা উচিত বলেও মনে করেন তিনি। রজনীকান্ত বলেছেন, সেটা সম্ভব না হলেও অন্তত তামিলনাড়ুর মানুষের লড়াইকে স্বীকৃতি দিয়ে আমাদের টিমের প্লেয়াররা, ম্যাচ দেখতে মাঠে যাওয়া দর্শকরাও কালো ব্যান্ড পরুন। এতে একটা বার্তা দেওয়া যাবে, টিমগুলির মালিকদের দাবিটা সমর্থন করা উচিত।
কেন্দ্রের তীব্র সমালোচনা করে তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত ওই বোর্ড না হলে তামিলনাড়ুর রাগ কাকে বলে, টের পাবে সরকার।
রজনীকান্ত ছাড়াও কাবেরী বোর্ড গঠনের দাবিতে সমাবেশে যোগ দেন কমল হাসান, বিক্রম, সূর্য্য ও বিজয়ের মতো তামিল সিনেমার কলাকুশলীরা।
চেন্নাই টিমের সিইও কে এস বিশ্বনাথন সংবাদ মাধ্যমকে বলেন, আমরা তামিলবাসীর পক্ষে। যতটা যেভাবে পারব, সহযোগিতা করব অবশ্যই। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার, পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। আইপিএল থেকে সরে আসার প্রশ্নে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে কিছু বলতে চাননি তিনি। ক্রিকেটাররা কি কালো ব্যান্ড পরবেন? টিম ম্যানেজমেন্ট যৌথ সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
এর আগে কাবেরী বোর্ডের দাবিতে ‘কৃষকদের আওয়াজ জোরদার করতে’ চেন্নাইয়ের আইপিএল ম্যাচগুলি বয়কট করতে ক্রিকেটপ্রেমীদের আবেদন করেন আম্মা মাক্কাল মুনেত্রা কাঝাগাম নেতা টিটিভি দিনাকরণও।
১০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে সাতটি আইপিএল ম্যাচ হওয়ার কথা চেন্নাইয়ে। ট্যুইটারে দিনাকরণ বলেন, এমন সময়ে ম্যাচগুলি হচ্ছে যখন কৃষকদের দুর্দশার কথা সামনে আনতে প্রতিদিনই বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। পুরো রাজ্যই ‘তামিলনাড়ুর প্রাণভোমরা কাবেরী ইস্যুতে রাজ্য ও কেন্দ্রের অবিচারে’র বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী গতকালই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আলোচনায় বসেন, ৬ সপ্তাহের মধ্যে কাবেরী বোর্ড গঠনের নির্দেশ না মানায় কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর পেশ করা স্বাধিকার ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার দাবির ব্যাপারে এবার কী করা হবে, তা নিয়ে।



