
ছক্কার মাইলস্টোনে দ্রুততম ‘হিটম্যান’
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : সচিন তেন্ডুলকরকে আগেই ছাপিয়ে গিয়েছিলেন৷ বৃহস্পতিবার ছুঁয়ে ফেলেন দুশো’র মাইলস্টোন৷ ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ২০০টি ছয় মেরে শাহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে ফেললেন রোহিত শর্মা৷
ওয়ান ডে ক্রিকেটে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে দুশো’র মাইলস্টোন টপকাতে রোহিত নিয়েছেন ১৮৭টি ইনিংস৷ আর প্রাক্তন পাক ব্যাটসম্যান আফ্রিদির লেগেছিল ১৯৫টি ইনিংস৷ তবে বলের সংখ্যার বিচারে এখনও সবার উপরে রয়েছেন বুম বুম আফ্রিদি৷ তিন নম্বরে রয়েছে রো-হিট৷ ওয়ান ডে ফর্ম্যাটে ২০০ ছক্কার মাইলস্টোনে পৌঁছতে আফ্রিদির লেগেছিল ৪,২০৩টি বল৷ কিন্ত রোহিতের লাগল ৮,৩৮৭টি বল৷ দু’ নম্বরে রয়েছেন প্রাক্তন কিউই ওপেনার ব্রেন্ডন ম্যাকালাম৷ তাঁর লেগেছিল ৬,৩০৮টি বল৷

এদিন তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ান ডে-তে ৬৩ রানে অপরাজিত থাকেন রোহিত৷ ৫৬ বলের ইনিংসে ৪টি ছয় এবং পাঁচটি বাউন্ডারি মেরেছেন হিটম্যান৷ তাঁর ব্যাটিং দাপটে ন’ উইকেট ম্যাচ জিতে নেয় ভারত৷ সেই সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৩-১ জিতে নেয় বিরাট অ্যান্ড কোং৷
১০৫ রান তাড়া করে ১৪.৫ ওভারে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া৷ অল্প রান তাড়া করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত৷ ইনিংসের দ্বিতীয় ওভারে ওসানে থমাসের বলে ব্যক্তিগত ৬ রানে৷ কিন্তু তারপর রোহিত ও বিরাটের ব্যাটিং দাপটে ১৫ ওভারের আগেই ম্যাচ খতম ভারতের৷ ৯৯ রানের পার্টনারশিপ গড়ে রোহিত-বিরাট জুটি৷ সেই সঙ্গে এই জুটি ছাপিয়ে গেল রাহুল-সৌরভ জুটিকে৷ এদিন ওয়ান ডে ক্রিকেটে ৪০০০ রানের গণ্ডি ছাপিয়ে গেল বিরাট-রোহিত জুটি৷ মাত্র ৬৬টি ইনিংসে এই মাইলস্টোন ছুঁল তাঁরা৷ এর আগে ৮০টি ইনিংস খেলে জুটিতে ৪০০০ রানের মাইলস্টোন টপকে ছিলেন রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়৷

ওয়ান ডে ক্রিকেটে ২০০ ছক্কার মাইলস্টোন টপকালেও ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত৷ তাঁর আগে রয়েছেন কেবল মহেন্দ্র সিং ধোনি৷ ২১৮টি ছক্কার মালিক ধোনি৷ আর এদিন রোহিত পৌঁছলেন ২০২৷ কম ইনিংস খেলে রোহিত আফ্রিদিকে পিছনে ফেললেও সর্বাধিক ছয় মারার ক্ষেত্রে এখনও শীর্ষে আফ্রিদি৷ প্রাক্তন পাক ব্যাটসম্যানের দখলে রয়েছে ৩৫১টি ছক্কা৷ দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিসে গেইল (২৭৫) এবং তিন নম্বরে সনৎ জয়সূর্য(২৭০)৷ সাত নম্বরে রয়েছেন রোহিত৷
Back at the team hotel after an early wrap and it is time to celebrate.🏆 #TeamIndia #INDvWI pic.twitter.com/qW7mtAoXgq
— BCCI (@BCCI) November 1, 2018



