
জগমোহন ডালমিয়া স্মারক বক্তৃতায় স্মিথ
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আয়োজিত জগমোহন ডালমিয়া স্মারক বক্তৃতায় প্রথম বছর বক্তা ছিলেন কিংবদন্তি কপিল দেব৷ দ্বিতীয় বছরে বক্তব্য পেশ করবেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রেম স্মিথ৷ এই বিষয়ে সিএবি’র প্রস্তাবে সম্মতি জানিয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা৷
আগামী ৪ নভেম্বর ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামবে৷তার আগে ২ নভেম্বর সিএবি আয়োজন করতে চলেছে বার্ষিক জগমোহন ডালমিয়া স্মারক বক্তৃতা৷ বর্ষাপাড়ায় ওয়েস্ট ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সময় এমনটাই জানিয়েছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷
ইডেনে টি-২০ ম্যাচের আবহকে একাধিক উপলক্ষ্যে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন৷ ১৯৯৩ সালে আয়োজিত হিরো কাপের ২৫ বছর পূর্তি হচ্ছে এবছর৷ একই সঙ্গে ইডেনে ফ্লাড লাইটে খেলা প্রথম ম্যাচেরও রজত জয়ন্তী বর্ষ এটা৷ তাই দু’টি ঘটনাকেই সামনে রেখে অনুষ্ঠান সূচি সাজাচ্ছে সিএবি৷
২৪ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা হিরো কাপের প্রথম সেমিফাইনাল ছিল ইডেনে খেলা প্রথম দিন-রাতের ম্যাচ৷ ২৭ নভেম্বর ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত৷সেই সূত্রে প্রাক্তন প্রোটিয়া অধিনায়কের এবছর ইডেনে উপস্থিত হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ৷
শুধু স্মিথ নয়, ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ ম্যাচের সময় ইডেনে উপস্থিত থাকতে চলেছেন দু’দেশের একঝাঁক প্রাক্তন তারকা৷ ব্রায়ান লারা এই মুহূর্তে ভারতে রয়েছেন৷ তাঁকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে সিএবি’র৷ থাকবেন সচিন তেন্ডুলকরও৷ এছাড়া হিরো কাপের স্মৃতিবিজড়িত ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু প্রাক্তন ক্রিকেটারকেও ইডেনে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানাবে সিএবি৷



