
জঙ্গিরা আসলে মুঘল, মন্তব্য অসমের বিজেপি মুখ্যমন্ত্রীর
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সামাজ্র্যের পতন হলেও বেঁচে মুঘলরা৷ জঙ্গি হানার মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দেয় তারা৷ কাশ্মীরের পুলওয়ামার ভয়াবহ হামলার নেপথ্যে সেই মুঘলরা৷ মনে করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷ রবিবার তিনি এই তত্ত্ব সামনে আনেন৷ পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হওয়ার ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, দেশে মুঘলদের আক্রমণ এখনও বন্ধ হয়নি৷
রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের একটি জনসভায় উপস্থিত হয়ে পুলওয়ামার হামলার নিন্দা করে সর্বানন্দ সোনওয়াল জানান, দেশের বুকে কাশ্মীরের মাটিতে সাম্প্রতিক হামলাটি ঘটিয়েছে মুসলিম জঙ্গিরা৷ হামলায় দেশের বীর সেনারা শহিদ হয়েছেন৷ তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের মুঘলদের বিরুদ্ধে এখনও লড়াই করে যেতে হবে৷ মুঘলদের আক্রমণ এখনও শেষ হয়নি৷ কাশ্মীরের ঘটনাই তা প্রমাণ করেন৷’’
এখানেই থেমে থাকেননি সর্বানন্দ সোনওয়াল৷ সরাইঘাট যুদ্ধে কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘মুঘলদের বিরুদ্ধে লাছিত বোরফুকান ও বাঘ হাজারিকা যেমন লড়াই করেছিলেন সেই বীরত্বের সঙ্গে আমাদের লড়াই করতে হবে৷’’ ১৬৭১ সালে অসমের রাজা ও মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মধ্যে বাঁধে যুদ্ধ৷ যা সরাইঘাটের যুদ্ধ নামে পরিচিত৷ এই যুদ্ধে প্রবল বিক্রমের সঙ্গে লড়াই করেছিলেন অসম সেনাপতি লাছিত বোরফুকান ও বাঘ হাজারিকা৷ মুঘলদের থেকে দূর্বল হওয়া স্বত্ত্বেও অসম সেনা তাদের পরাজিত করে৷



